• ‘মা-কাকিমা ছাড়া রোল পাবে না’, এবার রচনাকে পালটা কল্যাণের, প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও
    প্রতিদিন | ০১ জুলাই ২০২৬
  • গত কয়েকদিন ধরেই চর্চায় রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে দূরত্ব নিয়ে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে একাধিক বেফাঁস মন্তব্য করে বসেছেন হুগলির সাংসদ। নাম করে আক্রমণ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবার পালটা দিলেন কল্যাণ। বললেন, “ওনাকে ব্যবহার করা হচ্ছে তাহলে এলেন কেন? বাচ্চা মেয়ে নাকি?” এখানেই শেষ নয়। কল্যাণের আরও দাবি, স্বামীর ঠিকাদারির কাজের জন্য সহযোগিতা চেয়েছিলেন রচনা। তাতে লাভ হয়নি বলেই নাকি রচনা বন্দ্যোপাধ্যায়ের রাগ।

    রচনা বলেছিলেন, তাঁর সেলিব্রিটি ইমেজ ব্যবহার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। এপ্রসঙ্গে কল্যাণের পালটা, “উনি কি বাচ্চা মেয়ে নাকি, দিদি ডাকল বলে চলে গেলেন? উনি ২০২৪ সালের আগে জানতেন না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, কেষ্ট গ্রেপ্তার হয়েছেন? আর উনি যদি ওনার মুখটা জেনে বুঝে ইউজ করতে দেন তাতে কার কী করণীয়।”

    অভিনেত্রীর ফুটপাথ মন্তব্যের পালটা দিতে দিয়ে আরামবাগের সাংসদ মিতালি বাগের প্রসঙ্গ টেনে এনেছেন কল্য়াণ। তিনি বলেন, “অঙ্গনওয়াড়ি কর্মী মিতালি বাগকে মমতা বন্দ্য়োপাধ্যায় এনে সাংসদ করেছেন। ওনার নামটাই যথেষ্ট। আর কারও মুখের দরকার পড়ে না।” এরপর কল্যাণ বলেন, “স্বামীর ঠিকাদারি জন্য বলতে এসেছিলেন, হয়নি বলে এত রাগ। এত যে কথা বলছেন, ওনার হাতে কটা সিনেমা আছে? মা-কাকিমার রোল ছাড়া তো দেবে না কেউ। এতদিন লোকসভায় যা প্রশ্ন করেছেন সব তো অভিষেকের অফিস থেকে করে দেওয়া। ওনার যা শিক্ষাগত যোগ্যতা…এত প্রশ্ন করার ক্ষমতা আছে নাকি, উচ্চ মাধ্যমিক পাশ তো!” রচনার মতো বিদ্রোহীদের বিশ্বাসঘাতক তকমা দিয়ে কল্যাণ বলেন, ”তারকারাই দলটাকে শেষ করে দিল।”
  • Link to this news (প্রতিদিন)