যাত্রীবাহী বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন
বর্তমান | ০১ জুলাই ২০২৬
সংবাদদাতা, কান্দি: সাতসকালেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এদিন সকালে ফারাক্কা হলদিয়া বাদশাহী সড়কের বড়ঞা থানার আখেরিদিঘির কাছে যাত্রীবাহী বাস ও বালি বোঝাই এক ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় জখম হন অন্তত ১৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়ি বেশ দ্রুত গতিতে আসছিল একে অপরের দিকে। বালি বোঝায় ডাম্পারটি খড়গ্রামের দিকে যাচ্ছিল। পাশাপাশি উল্টোদিক থেকে যাত্রীবাহী বাসটি বুধিগ্রাম থেকে কান্দির দিকে আসছিল। রাস্তার একটি বাঁক ঘোরার সময় হঠাৎ করেই মুখোমুখি সংঘর্ষ ঘটে যাত্রীবাহী বাস এবং ডাম্পারটির মধ্যে। এরপর ভয়াবহ দুর্ঘটনাটি দেখে ঘটনাস্থলে জড়ো হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পুলিশে খবর দেন তাঁরা। এরপর পুলিশ এসে আহতদের উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যেই বাস ও ডাম্পারটি আটক করেন তাঁরা। এই ঘটনার জেরে ওই রাজ্য সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। এছাড়াও পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এর আগে মঙ্গলবার ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি বাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক যুবকের।