• কর্নাটকে ধস নেমে বিপর্যয়, পাঁচিল চাপা পড়ে জীবন্ত সমাধি ২ শিশু-সহ ৩ জনের
    এই সময় | ০১ জুলাই ২০২৬
  • ঝড়বৃষ্টির জেরে ভয়াবহ ধস কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। ঘটনায় মৃত দুই শিশু-সহ মোট তিন জন। বুধবার ভোরে কাঁকানাদি থানার কাছে একটি বসত এলাকায় দুর্ঘটনা ঘটে। পাহাড় থেকে ধস নেমে বেশ কয়েকটি বাড়ি মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও পুলিশ। কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে তিন জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় আরও কেউ আটকে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।

    প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কাঁকানাদির নাগোরি-গারোডি এলাকায়। প্রবল বৃষ্টির জেরে পাহাড় থেকে একটি পাঁচিল এবং মাটির স্তূপ হুড়মুড়িয়ে নীচের একাধিক বাড়ির উপর ভেঙে পড়ে। ধসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টালির চালের একটি বাড়ি। ঘটনার সময়ে ওই বাড়ির ভিতরে ছয় জন ঘুমিয়ে ছিলেন। যার জেরে তাঁরা বেরিয়ে আসার সুযোগ পায়নি। ফলে সকলেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন।

    ঘটনার খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভিতর থেকে একজন পুরুষ এবং দুই মহিলাকে জীবিত অবস্থায় বের করে আনেন। গুরুতর জখম হয়েছেন সকলে। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও, ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। ধ্বংসস্তূপ থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে।

    বর্তমানে কর্নাটকের উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। ম্যাঙ্গালুরু এবং সংলগ্ন দক্ষিণ কন্নড় জেলায় লাগাতার বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি, ধস এবং ঘরবাড়ি ভেঙে পড়ার ঘটনা প্রায়ই ঘটছে। যার জেরে ওই অঞ্চলের এবং নিচু এলাকাগুলিতে বিশেষ নজর রাখছে প্রশাসন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন উপকূলীয় কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

  • Link to this news (এই সময়)