• এত দিন পরে চটকলের গেট খুলল, ভোর থেকে শ্রমিকদের ভিড় কাঁকিনাড়া জুটমিলের সামনে
    এই সময় | ০১ জুলাই ২০২৬
  • কথা রাখলেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। ১ জুলাই থেকে খুলে গেল কাঁকিনাড়া জুটমিল। পরিবহণমন্ত্রী ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে বুধবার কাঁকিনাড়া জুটমিল খুলেছে। এ দিন সকাল ৬টা থেকেই মিলের গেটে ভিড় করেন শ্রমিকরা। সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দেওয়ার আশায় মিলের সামনে হাজির হন।

    যদিও নিয়মিত উৎপাদন শুরুর জন্য দিন পনেরো অপেক্ষা করতে হবে তাঁদের। দীর্ঘদিন মিল বন্ধ থাকার কারণে যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ প্রযোজন রয়েছে। সেই কারণেই মিল কর্তৃপক্ষ গেটে একটি নোটিস টাঙিয়ে জানিয়েছেন। তাতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই পর্যন্ত মিলে মেনটেন্যান্সের কাজ চলবে। ১৬ জুলাই থেকে শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন এবং নিয়মিত উৎপাদন শুরু হবে।

    শ্রমিকদের বক্তব্য, দীর্ঘদিন কর্মহীন থাকার পরে আর ১৫ দিন অপেক্ষা করতে তাঁদের কোনও আপত্তি নেই। তাঁদের একটাই দাবি— স্থায়ী ভাবে মিল চালু হোক এবং তাঁরা আবার নিয়মিত কাজ পান।

    ২০২৫ সালের ২৫ ডিসেম্বর কাঁচামালের অভাবের কথা জানিয়ে এই জুটমিলের গেট সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেন কর্তৃপক্ষ। তার আগে আগেই বন্ধ হয়েছিল জগদ্দল জুটমিলও।

    রাজ্যে পালাবদলের পরে ধীরে ধীরে আবার জুটমিলগুলির গেট খুলছে শ্রমিকদের জন্য। চলতি সপ্তাহেই শ্রমমন্ত্রী অর্জুন সিং এক্স হ্যান্ডলে জানান, জগদ্দলের অ্যালায়েন্স জুটমিলে আবার কাজ শুরু হয়েছে। কাঁকিনাড়া জুটমিলও ১ জুলাই থেকে খুলবে। ৩ জুলাই থেকে খুলবে নৈহাটি জুট মিলও। নতুন সরকারের এখনও ২ মাস বয়স হয়নি। তার আগেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের চটকল শ্রমিকদের জন্য পরের পর সুখবর শ্রমমন্ত্রীর।

  • Link to this news (এই সময়)