নকল ‘দার্জিলিং চা’ রুখতে কড়া পদক্ষেপ, সীমান্তে আটক ৩ লক্ষ কেজির বেশি নেপালি চা
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
দীর্ঘদিন ধরে দার্জিলিং চা নামে নেপাল থেকে আমদানি করা চা বাজারে বিক্রি হওয়ায় ক্ষতির মুখে পড়ছিল উত্তরবঙ্গের চা শিল্প। রাজ্যের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ ছিল। তবে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের নির্দেশ এবং টি বোর্ডের সক্রিয় ভূমিকার ফলে নকল দার্জিলিং চায়ের বিরুদ্ধে কড়া অভিযান শুরু হয়েছে।
টি বোর্ড বিদেশ থেকে আমদানি হওয়া চায়ের গুণগত মান পরীক্ষা শুরু করার পর সীমান্তে ৩ লক্ষ কেজিরও বেশি নেপালি চা আটকানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, জিআই (Geographical Indication) ট্যাগপ্রাপ্ত দার্জিলিং চায়ের সুনাম ও স্বকীয়তা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আগামী ২৬ জুন কেন্দ্রীয় বাণিজ্য সচিব দার্জিলিং সফরে আসছেন। সফরের আগে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে একটি ভারচুয়াল বৈঠকও করেছেন। সূত্রের খবর, নেপাল থেকে প্রতি বছর প্রায় ৬ মিলিয়ন কেজি অর্থোডক্স চা এবং প্রায় ২০ মিলিয়ন কেজি সিটিসি চা দার্জিলিং জেলায় প্রবেশ করে। এই বিপুল পরিমাণ চা উত্তরবঙ্গ হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত, যার ফলে স্থানীয় চা বাগানগুলি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছিল।
চা শিল্পের সঙ্গে যুক্ত মহলের দাবি, কেন্দ্রীয় সরকারের কড়া নজরদারির জেরে পানিট্যাঙ্কি সংলগ্ন নেপালের ঝাপা জেলায় একাধিক চা প্রসেসিং ইউনিট ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে।
রাজ্যের পর্যটন মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, বিশ্বের দরবারে দার্জিলিং চায়ের গুণমান ও মর্যাদা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে, কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে চা মালিক এবং শ্রমিক—উভয় পক্ষই উপকৃত হবে। তাঁর মতে, নকল চায়ের রমরমা বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে ফের দার্জিলিং চা তার প্রকৃত মর্যাদা ফিরে পাবে।