• ভোগান্তির অবসান? এবার বাগনান টু সল্টলেক করুণাময়ী সরাসরি চলবে সরকারি বাস? বিধায়কের বড় পদক্ষেপ
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  • : বাগনান থেকে সল্টলেকে যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নতুন সরকারি বাস পরিষেবা চালুর দাবি তুললেন আমতা কেন্দ্রের বিজেপি বিধায়ক অমিত সামন্ত। বাগনান থেকে করুণাময়ী (সল্টলেক) পর্যন্ত সরাসরি সরকারি বাস চালুর আবেদন জানিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী এবং হাওড়ার জেলাশাসকের কাছে লিখিত প্রস্তাব পাঠিয়েছেন তিনি।

    চিঠিতে বিধায়ক উল্লেখ করেছেন, বাগনান-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার বহু মানুষ প্রতিদিন চাকরি, উচ্চশিক্ষা, সরকারি কাজ, চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে কলকাতা এবং সল্টলেকে যাতায়াত করেন। বর্তমানে গন্তব্যে পৌঁছতে একাধিক বাস বা যানবাহন বদল করতে হওয়ায় সময় ও অর্থ—দুই দিক থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

    প্রস্তাবিত রুট হিসেবে বাগনান–ধুলাগড়–বিদ্যাসাগর সেতু–করুণাময়ী (সল্টলেক) পথের কথা উল্লেখ করেছেন বিধায়ক অমিত সামন্ত। তাঁর দাবি, এই রুটে সরকারি বাস চালু হলে ছাত্রছাত্রী, অফিসযাত্রী, প্রবীণ নাগরিক, রোগী ও ক্ষুদ্র ব্যবসায়ী-সহ হাজার হাজার নিত্যযাত্রী সরাসরি এবং স্বল্প খরচে গন্তব্যে পৌঁছতে পারবেন। একইসঙ্গে গ্রামীণ হাওড়ার সঙ্গে কলকাতা ও বিধাননগরের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং বেসরকারি পরিবহণের উপর নির্ভরতাও অনেকটাই কমবে।

    চিঠিতে জনস্বার্থের কথা তুলে ধরে দ্রুত এই নতুন সরকারি বাস পরিষেবা চালুর আবেদন জানিয়েছেন আমতা কেন্দ্রের বিধায়ক। তাঁর দাবি, এই রুট চালু হলে শুধু বাগনান নয়, আশপাশের একাধিক ব্লকের বাসিন্দারাও উপকৃত হবেন। প্রতিদিনের যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী। এখন পরিবহণ দফতর এই প্রস্তাবে কী সিদ্ধান্ত নেয় এবং কবে এই নতুন বাস রুট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার হাজার হাজার নিত্যযাত্রী। হাওড়া জেলার সীমানাবর্তী বাগনান ব্লক। হাওড়া থেকে সল্টলেক  সরকারি এই বাস পরিষেবা চালু হলে উপকৃত হবেন বাগনান আমতা উলুবেড়িয়া পাঁচলা-সহ বিভিন্ন ব্লকের মানুষ।
  • Link to this news (News18 বাংলা)