আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে আজ, বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিকেল ৩টেয় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বৈঠক ডাকা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) ক্যাডারের সমস্ত আধিকারিককে।
সূত্রে খবর, রাজ্য প্রশাসনের কাজকর্মের পর্যালোচনা এবং একাধিক জরুরি বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। ২০২৬ নির্বাচনের পর রাজ্যের প্রশাসনিক রাশ আরও শক্ত করতেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই হাই-প্রোফাইল বৈঠকে হাজির থাকবেন রাজ্যের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব।
রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত সমস্ত ডব্লিউবিসিএস অফিসারকে আজকের বৈঠকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।