• কাটোয়ায় গান্ধী-মূর্তির মুখ ঢাকল কালো কাপড়ে!
    আজকাল | ০১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কালো কাপড় জড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা সংলগ্ন এলাকায়। 

    এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। খবর পেয়েই কাটোয়া নগর বিজেপির সভাপতি সুমন দেবনাথের নেতৃত্বে দলের কর্মী-সমর্থক এবং ক্ষুব্ধ বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান।

    মূর্তির এই অবমাননার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতা সুমন দেবনাথ বলেন, “এই ধরনের কুরুচিকর ও বিকৃত মানসিকতা পশ্চিমবঙ্গ তথা ভারতের সংস্কৃতি হতে পারে না। যারা এই কাজ করেছে, তাদের মন যে কতটা কলুষিত, তা এই ঘটনা থেকেই স্পষ্ট।” 

    একই সঙ্গে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, কাটোয়া শহর জুড়েই পুরসভা ও প্রশাসনের একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করার কথা বলেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ করতে হবে।

    বিক্ষোভের মাঝেই স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীরা উদ্যোগী হয়ে গান্ধীজির মূর্তির মুখ থেকে কালো কাপড়টি সরিয়ে ফেলেন। এরপর সম্পূর্ণ সনাতন রীতি মেনে প্রথমে গঙ্গাজল এবং পরে দুধ দিয়ে মূর্তিটি স্নান করিয়ে শুদ্ধিকরণ করা হয়।

    শেষে ধূপকাঠি জ্বালিয়ে এবং গলায় মালা দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানান উপস্থিত জনতা।

    বিক্ষোভকারীদের অভিযোগ, সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করার জন্যই অন্ধকারের কিছু কারবারি এই হীন কাজ করেছে। এর নেপথ্যে কোনও গভীর চক্রান্ত বা কারও উস্কানি রয়েছে কি না, প্রশাসনকে তা-ও তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।
  • Link to this news (আজকাল)