আজকাল ওয়েবডেস্ক: সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত আইরা এলাকার কাপাসডাঙায় যাত্রীবাহী বাস ও বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ভয়াবহ এই দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে কান্দি মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর থেকে কান্দিগামী একটি বেসরকারি বাস কাপাসডাঙার কাছে পৌঁছলে উল্টো দিক থেকে আসা বালি বোঝাই লরির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে ভেতরে ঢুকে যায়। এমনকী লরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে একাধিক মহিলা ও শিশু রয়েছেন।
প্রত্যক্ষদর্শী মহম্মদ সাবির জানান, "আমি রাস্তার পাশের দোকানে চা খাওয়ার সময় বিকট শব্দ শুনতে পাই। এরপর রাস্তায় গিয়ে দেখি বাস ও লরি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন এবং আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।"
খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত ১৩ জনকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
খড়গ্রাম থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাস বা লরি চালকের গাফিলতি ছিল, না গাড়ির যান্ত্রিক ত্রুটি ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। দু’টি গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, বাঁকের মুখে কোনও সতর্কীকরণ বোর্ড বা স্পিড ব্রেকার নেই। ফলে কান্দি-খড়গ্রাম রাজ্য সড়কের ওই অংশে দুর্ঘটনা আগেও ঘটেছে। যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।