• মেমারিতে বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব, গ্রেপ্তার তিন
    আজকাল | ০১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানের মেমারিতে বিধায়ক মানব গুহের কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হল তিনজনকে। মেমারি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। যদিও, গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী সৌরভ জানান, তিনি ওই সময় ওখানে ছিলেন না। কোনও গোলমালে তিনি জড়িত নন। বিধায়কের সঙ্গে তার বচসা হয়েছিল। তাই মিথ্যা অভিযোগ করা হয়েছে তার নামে। তার অভিযোগ, বিধায়কের গ্রুপ শহরে তোলাবাজি করছে। 

    বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেল পূর্ব বর্ধমানের মেমারিতে।  মঙ্গলবার বিধায়ক মানব গুহর সহায়তা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ ওঠে দলীয় এক গোষ্ঠীর বিরুদ্ধে। মঙ্গলবার মেমারি শহরের ভিভিসি পাড়ায় বিজেপি বিধায়ক মানব গুহর বিধায়ক সহায়তা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ।

    বিধায়ক ঘনিষ্ঠ বিজেপি কর্মী সুনীল মণ্ডল অভিযোগ করেন, বিজেপি নেতা বিশ্বদেব ভট্টাচার্যের অনুগামীরাই সহায়তা কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাঁর দাবি, অফিসের একাধিক আসবাবপত্র নষ্ট করা হয়েছে। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ফাইলও নিখোঁজ বলে অভিযোগ করেন তিনি।

    অন্যদিকে, বিজেপি কর্মী কালি দাস সম্পূর্ণ ভিন্ন দাবি করেন। তার দাবি ছিল, আলোচনার জন্য যেতেই তাদের উপর হামলা হয়। ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই বিজেপি নেতা বিশ্বদেব ভট্টাচার্য ফোনে বলেন, "ঠিক কী হয়েছে, তা আমি জানি না। তবে কেউ যদি বিজেপির দলীয় কার্যালয়ে হামলা করে, তাহলে সে বিজেপির হতে পারে না। দলের মধ্যে কোনও সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়া উচিত।" বুধবার গ্রেপ্তার হওয়া তিনজনেই বিজেপির পুরনো নেতা বিশ্বদেব ভট্টাচার্য গোষ্ঠীর লোক বলেই জানা গেছে।
  • Link to this news (আজকাল)