আজকাল ওয়েবডেস্ক: ছাব্বিশের ভোট প্রচারে বেরিয়ে মন্তব্য করেছিলেন। ডিজে মন্তব্য। কিন্তু ৪ঠা মে রাজ্যে এলেও, তৃণমূল সরকার আর আসেনি। ফলে অভিষেক ব্যানার্জির রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো হয়নি। উলটে বিজেপি সরকার আসার পরেই, অভিষেক ডিজে মামলায় বিপাকে পড়েছেন। অভিযোগ দায়েরের পর, অভিষেক ইতিমধ্যেই এই মামলায় সিআইডি দপ্তর, ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। তারপরে, তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে বলে জানানো হয়।
৩০ জুন ছিল সেই দিন। যদিও শুরু থেকেই অভিষেক এই 'স্যাম্পল' সংগ্রহ করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর দাবি, তিনি অস্বীকার করেননি, ওই গলা তাঁর নয় বলে। এমনকী ওই মন্তব্যও তিনি করেননি বলে দাবি করেননি। তারপরেও এই মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হেনস্থা কেবল, তেমনটাই দাবি ছিল তাঁর। ৩০ জুন বিষয়টি নিয়ে আদালতে শুনানি ছিল। অন্যদিকে ৩০ জুন কন্ঠস্বরের নমুনার বিষয়ে তিনি বিধাননগর আদালতে হাজির হননি।
সূত্রের খবর, ৮ জুলাই, তাঁকে ফের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তলব করা হবে। জানা গিয়েছে, ৮ জুলাই, বুধবার তাঁকে সকাল দশটায় হাজিরা দিতে হবে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক প্রচারসভায় বিরোধীদের নিশানা করে হুঁশিয়ারির সুরে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব।” তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'-এর মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ ওঠে। এরপর বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের ওই মন্তব্যের বিরোধিতা করে এফআইআর দায়ের করেন। বিষয়টির তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডি-কে।