জেলা থেকে কলকাতা, রাজ্যজুড়ে পুলিশের গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল নবান্নের
প্রতিদিন | ০১ জুলাই ২০২৬
রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল। জেলা থেকে আইবি ও সিআইডি স্তরে পুলিশ অফিসারদের বদল করা হয়েছে। মোট ১৫ জন আইপিএস ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কর্তাদের বদলি করা হয়েছে। কারও পদোন্নতি, কারও রুটিন বদলি, কারও আবার পুরনো বদলির বিজ্ঞপ্তি বাতিল করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইপিএস অফিসার অঞ্জন চক্রবর্তীর জুন মাসের বদলির নির্দেশে কিছুটা পরির্তন করে তাঁকে এফএসএলের আইজিপি পদে পাঠানো হচ্ছে। এতদিন তিনি এসিবির ডিআইজির পদে ছিলেন। আইবির আইজিপি (বর্ডার) করা হয়েছে আইপিএস সুমনজিৎ রায়কে। আইপিএস রশিদ মুনির খানকে হেড কোয়ার্টারের আইজিপি পদে পাঠানো হয়েছে। তাঁর পদোন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। কলকাতা এসটিএফের ডিসি পদে থাকা আইপিএস প্রদীপকুমার যাদবকে কলকাতার চতুর্থ ব্যাটালিয়নের ডিসি করা হয়েছে। অন্যদিকে ডিসি এসটিএফ করা হয়েছে অম্লান কুসুম ঘোষকে। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের নর্থ ডিসি ছিলেন।
কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈনকে কলকাতার ডিসি ট্রাফিক করা হয়েছে। হাওড়ার ডিসি সেন্ট্রাল হিসাবে তাঁর পূর্ববর্তী বদলি বাতিল করা হয়েছে। রানাঘাটের এসডিপিও সবিতা গোটিয়ালকে সিআইডির অ্যাডিশনাল এসএস করা হয়েছে। ডব্লিউবিপিএস শৌভনিক মুখোপাধ্যায়কে হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। ডব্লিউবিপিএস অফিসার সন্দীপ সেনকে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) পদে পাঠানো হয়েছে। তিনি খগড়পুরের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। আরও এক ডব্লিউবিপিএস শ্যামলকুমার মণ্ডলকে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) করা হয়েছে।