• হাফপ্যান্ট পরে আর চালানো যাবে না অটো-টোটো? ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন চালকদের
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  • হাফপ্যান্ট বা লুঙ্গি পরে আর চালানো যাবে না অটো-টোটো! বারাসাত পুলিশ জেলার এক ট্রাফিক আধিকারিকের ভিডিও প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে জোড় বিতর্ক। অটো ও টোটোর মতো গণপরিবহনের চালকদের পোশাক নিয়ে এমন কথা ট্রাফিক আধিকারিকের মুখে শুনে অনেকেই অবাক হয়েছেন। তবে কি নতুন কোন নির্দেশিকা জারি করল সরকার! এমন কথাও অনেকেই ভেবেছেন।

    বারাসাত পুলিশ জেলার ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা আধিকারিককে এমন কথা বলতে দেখে এলাকাবাসীরাও নিজেদের মধ্যে রীতি মতো চর্চা শুরু করে দেন। হাফপ্যান্ট বা লুঙ্গি পরে যাতে অটো-টোটো না চালায় চালকেরা সেই আবেদনই করা হয় ওই ট্রাফিক পুলিশের তরফে। বামনগাছি চৌমাথা এলাকায় যশোর রোডে দত্তপুকুর ট্রাফিক গার্ডের ওসি দেবদাস দেবনাথ কে দেখা যায় হাফপ্যান্ট বা লুঙ্গি পরে টোটো অটো চালানো চালকদের থামিয়ে বিষয়টি নিয়ে সচেতন করতে। ট্রাফিক পুলিশের দাবি, অটো ও টোটোতে প্রতিদিন বহু মহিলা যাত্রী যাতায়াত করেন। চালকের পোশাকের কারণে অনেক সময় মহিলা যাত্রীরা অস্বস্তি বোধ করতে পারেন। সেই বিষয়টি মাথায় রেখেই এই সচেতনতা প্রচার চালানো হয়।

    পাশাপাশি লুঙ্গি পরে গাড়ি চালানোর ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায় বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশকর্মী। এই নির্দেশ ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। বেশ কয়েকজন চালক জানান, গরমের কারণে তাঁরা অনেক সময় হাফপ্যান্ট পরে গাড়ি চালান। তবে ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে ভবিষ্যতে ফুলপ্যান্ট পরে গাড়ি চালাবেন বলেও সেই মুহূর্তে সম্মতি দেন। সাধারণ যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, গণপরিবহনের ক্ষেত্রে শালীন পোশাক বজায় রাখা যেমন যাত্রীদের স্বস্তি বাড়াবে, তেমনি নিরাপত্তার দিক থেকেও তা ইতিবাচক ভূমিকা নেবে।

    নারী নিরাপত্তা ও গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে দত্তপুকুর ট্রাফিক বিভাগের এই সচেতনতামূলক উদ্যোগ আগামী দিনে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সকলের। তবে এ বিষয়টি নিয়ে ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায় জানান, এমন কোন নির্দেশিকা নেই। একটি ভিডিওতে দেখা গিয়েছে ওই ধরনের চালকদের পাশে মহিলা যাত্রী বসে রয়েছে। সেটা দেখেই হয়তো দায়িত্বে থাকা আধিকারিকের মনে হওয়ার কারণেই এমন করেছে। তবে এ নিয়ে কোন সরকারি নির্দেশিকা নেই। যদি ওই ট্রাফিক আধিকারিক খারাপ কিছু করে থাকেন সেক্ষেত্রে বিষয়টি দেখা হবে বলেও জানান তিনি। তবে ট্রাফিক আধিকারিকের এমন নির্দেশ ঘিরে বামুনগাছি এলাকায় ছড়িয়েছে জোর চর্চা।
  • Link to this news (News18 বাংলা)