বিষ্ণুপুর থেকে কান্দি আসার পথে কুলি মোড়গ্রাম রাজ্যে সড়কের উপরে কাপাসডাঙ্গা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন যাত্রী জখম হয়েছেন বলে জানা যায়। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের প্রত্যেককে উদ্ধার করে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে, সেখানেই বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি বিষ্ণুপুর থেকে যাত্রী নিয়ে কান্দির দিকে আসছিল। কাপাস ডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সেটির সামনাসামনি জোরালো ধাক্কা লাগে। দুর্ঘটনার তীব্রতায় বাসের সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বাসের চালক গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, “লরি ও বাসের মুখোমুখি ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে বাসের ভেতর থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলেই প্রায় তেরো জন যাত্রী কমবেশি জখম হন। চারজনের অবস্থা খুবই গুরুতর।”
অন্য এক প্রত্যক্ষদর্শী শাকিল শেখ বলেন, “বাসের সঙ্গে লড়ির ধাক্কা লাগার পর চারদিকের চিৎকার শুনে আমরা ছুটে আসি। দুর্ঘটনায় কারও হাত, কারো পা ভেঙেছে, আবার কারও মাথা ফেটে গিয়েছে। আমরা স্থানীয়রা প্রথমে হাত লাগিয়ে আহতদের উদ্ধার করি। বর্তমানে সবাই কান্দি হাসপাতালে চিকিৎসাধীন।” এলাকায় গাড়ির দ্রুত গতি থাকার কারণেই বারবার ঘটে চলে দুর্ঘটনা।
এদিনও সেই দুর্ঘটনার জেরে আহত হন অনেকজন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। দুর্ঘটনাগ্রস্ত যান দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালকের আসনের দিকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের। বাসের চালকের অবস্থা খুবই গুরুতর। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার পর ব্যাপক যানজট তৈরি হয় এলাকায়।