এই দিনটার জন্যই পথ চেয়ে বসেছিলেন শহরবাসী, মাপজোকের কাজ শুরু হতেই খুশির হাওয়া
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
ট্রেন গেলেই কিছুক্ষণের জন্য থমকে যায় শহর! অবশেষে সেই যানজট থেকে মুক্তি পেতে চলেছে জলপাইগুড়ি। ৩ নম্বর ঘুমটিতে ফ্লাইওভারের পথে এবার বড় পদক্ষেপ! শহরের অন্যতম ব্যস্ত এলাকা ৩ নম্বর রেল ঘুমটি। দিনে বহুবার ট্রেন পারাপারের কারণে এই এলাকায় রোজই তৈরি হয় তীব্র যানজট। ট্রেন গেলেই দু’পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়ে গাড়ি, ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের।
বহুদিন ধরেই এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে ফ্লাইওভার তৈরির দাবি জানিয়ে আসছিলেন শহরবাসী। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে শুরু হয়েছে জমি মাপের কাজ। রেলের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকায় ইতিমধ্যেই এই পরিমাপের কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, উড়ালপুলের জন্য কতটা জমি প্রয়োজন এবং কোন কোন এলাকা এর আওতায় পড়বে, তা নির্ধারণ করতেই শুরু হয়েছে মাপজোক।
জানা গিয়েছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দিয়ে এই উড়ালপুলের সংযোগ স্থাপন করা হবে। তাই ধাপে ধাপে সংশ্লিষ্ট এলাকাগুলিতে জমির পরিমাপ চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর এই প্রকল্প এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, এর আগে এই প্রকল্পের ঘোষণা হলেও কাজ এগোয়নি বলে অভিযোগ ছিল। বর্তমানে নতুন করে প্রশাসনের তরফে তৎপরতা চোখে পড়ায় আশার আলো দেখছেন অনেকে।
ফ্লাইওভার নির্মাণ সম্পন্ন হলে যানজট অনেকটাই কমবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থা সুগম হবে বলে মনে করা হচ্ছে। তবে এই প্রকল্প ঘিরে কিছুটা উদ্বেগও রয়েছে। উড়ালপুল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন হলে কিছু দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। যদিও প্রশাসনের তরফে এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।