খাঁড়িতে মাছ ধরতে গিয়ে বাঘের খপ্পরে ধীবর, চিৎকারের জোরে কোনওক্রমে প্রাণ রক্ষা
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
আবারও বাঘের আক্রমণে আহত ধীবর। কুলতলির দেউলবাড়ির মান্নান লস্কর গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত কয়েকমাসে সুন্দরবনে বাঘের আক্রমণের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। আহত মান্নান লস্করকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, মাছ ধরার জন্য সুন্দরবনে তিন সঙ্গীর সঙ্গে পৌঁছেছিলেন মান্নান। অসাবধানতাবশত মান্নান একা হয়ে পড়লে তার ওপর বাঘ আক্রমণ করে।
সেই সময় কাছে থাকা সঙ্গীরা জানতে পেরে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এরপর বাঘ সেখান থেকে পালিয়ে গেলে মান্নানকে নিয়ে সঙ্গীরা ফিরে আসে। মান্নাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পরপর বাঘের আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় এভাবে বেঘোরে প্রাণ যাচ্ছে ধীবরদের।
কুলতলিতেই একের পর এক এই ঘটনা ঘটছে। জলে জঙ্গলে ঘেরা সুন্দরবনে জীবিকার প্রয়োজনে গভীর জঙ্গলে গিয়ে মাঝেমধ্যেই বাঘের আক্রমণের মুখে পড়েন বাসিন্দারা। জানা গিয়েছে, গত সোমবার তিন সঙ্গীর সঙ্গে দেউলবাড়ি ছাড়ে মান্নান। এরপর সুন্দরবনে পৌঁছে যান তাঁরা। বুধবার এই ঘটনার পরে মান্নানকে নিয়ে সকলেই ফিরে আসেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অন্যদিকে বাঘের আক্রমণে মৃত অথবা আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন মানবাধিকার সংগঠনগুলি। তাঁরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বাঘের আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেন। আহত ব্যক্তির দরকারে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে।