• পাহাড়ে যাওয়ার আগে সতর্ক! কবে, কতক্ষণের জন্য বন্ধ থাকবে বাংলা-সিকিমের লাইফলাইন এনএইচ-১০?
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  • টানা বৃষ্টির জেরে পাহাড়ে ফের ধসের ঘটনা। সেবক কালীমন্দিরের সামনে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় সড়ক সংস্কারের জন্য আগামী বৃহস্পতিবার সকাল ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে টানা ছয় ঘণ্টা বাংলা-সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময় শিলিগুড়ি-সিকিম এবং শিলিগুড়ি-কালিম্পংয়ের মধ্যে যানবাহন বিকল্প রুটে চলাচল করবে। শিলিগুড়ি থেকে গজলডোবা-গরুবাথান-লাভা-আলগাড়া এবং শিলিগুড়ি-কার্শিয়ং-ঘুম-জোরবাংলা-পেশক-তিস্তাবাজার রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

    এর আগে টানা ভারী বৃষ্টির জেরে দার্জিলিংয়ের ঘয়াবাড়ি এলাকায় বড় ধস নামে। ধসের জেরে শিলিগুড়িগামী এবং পাহাড়মুখী যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। ততক্ষণ পর্যন্ত চালকদের জিরো গোলাই-বঙ্কুলুং-মাঞ্জু ফাটক অথবা নল-দাখালি বস্তি-দুধিয়া হয়ে বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।

    অন্যদিকে, দক্ষিণ সিকিমের লিঙ্গি এলাকায় রাতভর বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নেমে কাও খোলা-সহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে যান চলাচলের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনও ব্যাহত হয়েছে।

    এদিকে উত্তর সিকিমের জংগুর ফিদাং এলাকায় পি খোলার উপর নির্মিত বেইলি ব্রিজ শনিবার গভীর রাতে প্রবল স্রোতে ভেসে যায়। ফলে ফিদাং-সাঙ্কালাং সড়কপথের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সোনম লেপচার দাবি, টানা বৃষ্টিতে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় সেতুটি ভেসে যায়।
  • Link to this news (News18 বাংলা)