রাজ্য সড়ক নাকি নদী চেনা দায়, গন্তব্যে পৌঁছাতে কালঘাম ছুটছে! যাতায়াতের ছবি ভয় ধরাবে
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
টানা বৃষ্টির জেরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আস্ত রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। কোথাও গোড়ালি, তো কোথাও হাঁটু সমান সেই জল পেরিয়ে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। আর তার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলপড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার পিংলাসচাতাল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিংলাসচাতাল এলাকায় কালিকাপুর-কেশুরগেড়িয়া ভায়া ঝাঁকরা রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে বৃষ্টির জল। জলের গভীরতার কারণে ওই রাস্তায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ভারী গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের মোটরবাইক বা সাইকেল, সবই চলছে অত্যন্ত ধীরগতিতে। রাস্তার গর্ত বা অবস্থা বুঝতে না পেরে যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকছেই। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুলগামী পড়ুয়ারা। বাধ্য হয়ে একপ্রকার হাঁটু জল পেরিয়েই তাদের স্কুলে যেতে হচ্ছে।
এলাকাবাসীরা জানাচ্ছেন, মঙ্গলবার দুপুর থেকেই চন্দ্রকোনা ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে একনাগাড়ে বৃষ্টি শুরু হয়। টানা এই বৃষ্টির জেরে এলাকার খাল-বিল এবং ছোট নালাগুলি দ্রুত কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জল নিকাশির উপযুক্ত ব্যবস্থা না থাকায় এরপর মাঠ ও খালের জল উপচে সরাসরি উঠে আসে রাজ্য সড়কের ওপর। মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাস্তায় জল জমতে শুরু করেছিল। বুধবার সকালে পরিস্থিতির আরও অবনতি হয় এবং রাস্তায় জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়।
ব্যস্ততম এই রাজ্য সড়কে জল জমার কারণে বুধবার সকাল থেকেই যান চলাচল ব্যাহত হয়। যানজট ও ধীরগতির সমস্যা দেখা দেয় পিংলাসচাতালে। জরুরি কাজে বেরিয়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে কালঘাম ছুটছে সাধারণ মানুষের। কবে আকাশ পরিষ্কার হবে এবং রাস্তা থেকে জল নামবে, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন চন্দ্রকোনার ভুক্তভোগী বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে দ্রুত জল নিকাশির ব্যবস্থা করা হোক, এমনটাই দাবি তুলছেন তাঁরা।