• অ্যাডভেঞ্চারের নেশাই কাল! নেপালের পাহাড়ি রাস্তায় লরির ধাক্কায় প্রাণ গেল হাওড়ার সুমনের
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  • বাইক নিয়ে নতুন পথের সন্ধানে নেপাল পাড়ি, কিন্তু আর ফেরা হল না! দুর্গম পাহাড়ি রাস্তায় লরির ধাক্কায় প্রাণ হারালেন হাওড়ার শ্যামপুরের সুমন, শোকে ভেঙে পড়ল পরিবার ও বন্ধু মহল।

    অ্যাডভেঞ্চারের নেশাই শেষ পর্যন্ত কেড়ে নিল প্রাণ। পাহাড়ি রাস্তা, দীর্ঘ বাইক সফর আর নতুন নতুন গন্তব্যের টানেই বন্ধুদের সঙ্গে নেপাল পাড়ি দিয়েছিলেন হাওড়ার শ্যামপুরের যুবক সুমন। কিন্তু যে সফর স্মরণীয় হওয়ার কথা ছিল, সেটাই পরিণত হল জীবনের শেষ যাত্রায়। নেপালের দুর্গম পাহাড়ি রাস্তায় লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয়-পরিজন, বন্ধু মহল এবং শ্যামপুরের বাইকারদের মধ্যে।

    আরও পড়ুনঃ জানা গিয়েছে, গত কয়েকদিন আগে অভিযানে বেরিয়েছিল তাঁরা। দুর্ঘটনার কথা জানা যায় গত ২৭ জুন। চার সদস্যের একটি দল নিয়ে নেপাল সফরে বেরিয়েছিলেন সুমন। বহুদিন ধরেই এই বাইক ট্রিপের পরিকল্পনা করেছিলেন তাঁরা। পরিবারের সদস্যদের জানিয়েই যাত্রা শুরু করেছিলেন। তবে, সফরের মাঝপথে আর্থিক সমস্যার কারণে তাঁর সঙ্গে থাকা এক সঙ্গী দেশে ফিরে আসেন। এরপর সুমন একাই যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। নেপালের একের পর এক দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেই পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়ি রাস্তায় বাইক চালানোর সময় একটি লরির ধাক্কায় গুরুতর জখম হন সুমন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। খবর পৌঁছতেই ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। সুমন শ্যামপুরের আয়মা এলাকার বাসিন্দা। বাবা পেশায় স্কুল শিক্ষক।

    সুমনের অকালমৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে শ্যামপুর বাইকার্স-এর সদস্যদের মনোবল ভেঙে পড়েছে। যে তরুণ বাইক নিয়ে নতুন নতুন পথের সন্ধানে বেরিয়ে পড়তেন, সেই সুমনের এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না তাঁর বন্ধু ও সহযাত্রীরা। সকলের একটাই আক্ষেপ যে অ্যাডভেঞ্চারের নেশা ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, সেই নেশাই শেষ পর্যন্ত কেড়ে নিল তাঁর প্রাণ।
  • Link to this news (News18 বাংলা)