এক ছাদের তলায় সবকিছু! প্রশাসনিক জটিলতা দূর করে সীমান্ত এলাকায় বিশেষভাবে সক্ষমদের দারুণ উদ্যোগ
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
: সীমান্ত এলাকায় বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ উদ্যোগ, সরকারি পরিষেবা পৌঁছে দিতে পরীক্ষণ শিবির। সীমান্তবর্তী এলাকার বিশেষভাবে সক্ষম মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে স্বরূপনগরে আয়োজন করা হল বিশেষ পরীক্ষণ ও নথি যাচাই শিবির। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে বহু বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শিবিরে প্রয়োজনীয় নথিপত্র যাচাই, শারীরিক মূল্যায়ন এবং সরকারি প্রকল্পের আওতায় সহায়ক সরঞ্জাম পাওয়ার জন্য প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
শিবিরে উপস্থিত চিকিৎসক, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট আধিকারিকরা আবেদনকারীদের প্রয়োজন অনুযায়ী মূল্যায়ন করেন। পাশাপাশি কীভাবে আবেদন করতে হবে, কোন কোন নথি প্রয়োজন, আবেদন প্রক্রিয়ায় কোথায় যোগাযোগ করতে হবে এবং পরবর্তী পর্যায়ে কীভাবে সহায়ক সরঞ্জাম বিতরণ করা হবে, সে সম্পর্কেও বিস্তারিতভাবে জানানো হয়। এতে আবেদনকারীদের বিভিন্ন প্রশাসনিক জটিলতা অনেকটাই দূর হয়েছে বলে মত স্থানীয়দের।
আয়োজকদের দাবি, সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকার বহু বিশেষভাবে সক্ষম মানুষ তথ্যের অভাব, যোগাযোগের সমস্যা কিংবা নথিগত ত্রুটির কারণে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। এর ফলে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
শিবিরে অংশ নেওয়া উপভোক্তাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান, এক ছাদের নিচে পরীক্ষা, নথি যাচাই ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ায় সময় এবং খরচ—দুই-ই বেঁচেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সীমান্ত এলাকার সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন বলে তাদের মত।