সম্পর্কে টানাপড়েনের জেরে গলা কেটে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল হুগলির পান্ডুয়ায়। পরিবারের অভিযোগ, মহিলাকে তাঁর প্রেমিকই খুন করেছেন। তার ভিত্তিতে সেই অভিযুক্ত প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ খুন হন ৩৪ বছরের ওহিদা খাতুন। মৃতার দিদি ফরিদা বিবি জানান, তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন থানায়। তাঁর অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে এক ব্যক্তি ওহিদার বাড়িতে ঢোকেন। শৌচালয়ের পাশে কাস্তে দিয়ে ওহিদার গলা কেটে পালিয়ে যান তিনি। এই ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওহিদা। পরিবারের লোকজন তড়িঘড়ি পুলিশে খবর দেন। পান্ডুয়া থানার পুলিশ গিয়ে ওহিদাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পান্ডুয়া থানার পুলিশ বুধবার ওহিদার দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে।
ফরিদার দাবি, তাঁর দিদিকে গোপাল ক্ষেত্রপাল নামে এক যুবক খুন করেছেন। ওহিদার বাপের বাড়ি গুরাপ থানার আকবরপুর এলাকায়। গোপাল ওই এলাকারই বাসিন্দা। বছর তিনেক আগে তাঁর সঙ্গে ওহিদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গোপালের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন ফরিদা। তিনি বলেন, ‘ওহিদার দুই মেয়ে। একজনের বয়স সাত। আর এক জনের পাঁচ। আমরা বহুবার বোনকে বোঝাই। বোন গোপালের সঙ্গে সম্পর্ক থেকে হয়তো বেরিয়ে আসতে চেয়েছিল। তার জেরেই খুন হতে হল ওহিদাকে। আমরা দোষীর শাস্তি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি।’ তিনি অভিযুক্তের ফাঁসির দাবিও জানিয়েছেন।