অবশেষে আগুন নিভেছে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে। প্রায় ২০ ঘণ্টা পরে পুরোপুরি ভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে সেখানে। তার পরেই বিশেষ ভাবে তৎপর হয়েছেন কারখানা কর্তৃপক্ষ। স্থানীয়দের সতর্ক করতে মাইকে প্রচার শুরু করেছেন পেট্রোকেমিক্যালস কারখানা কর্তৃপক্ষ। ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারীদের এই মুহূর্তে আগুনে রান্না বা বিড়ি সিগারেট না খাওয়ার আবেদন করা হয়েছে।
সূত্রের খবর, দুর্ঘটনাস্থলের দেড় কিলোমিটারের মধ্যে বসবাসকারী সকলের জন্য কারখানা কর্তৃপক্ষের তরফে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ফের যাতে নতুন করে আগুন না লেগে যায়, সেই কারণেই স্থানীয়দের কাছে আগুন না জ্বালানোর আবেদন জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষ আগেই জানিয়েছেন, ন্যাপথা অত্যন্ত দাহ্য হাইড্রো কার্বন। যার জেরে খুব দ্রুত আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থেকেই। এই ধরনের পেট্রোলিয়ামজাত পদার্থ ব্যবহারের মধ্যে বড় বিপদের ঝুঁকি থেকেই যায়। সেই কারণেই এ দিন আগুন নেভার পরে স্থানীয় বাসিন্দাদের কাছে বিশেষ আবেদন জনানো হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে। যার জেরে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় সেখানে। এই পাইপলাইন পেট্রোকেমিক্যালস কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে অবস্থিত। ওই এলাকা ঘনবসতি পূর্ণ হওয়ায় কমপক্ষে ২০ জন জখম হন। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি। আহতদের জন্য ইতিমধ্যেই ত্রাণশিবিরের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।