জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠানে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, তীব্র কটাক্ষ পূর্বতন সরকারকে
বর্তমান | ০১ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ জাতীয় চিকিৎসক দিবস। আজ ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন। এদিন সল্টলেকের ময়ূখ ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।
মুখ্যমন্ত্রী জানান, এদিন ১লা জুলাই থেকে বিধাননগর ডিভিশনাল হাসপাতালের নাম বদল করে, নতুন রূপে সাজানো হয়েছে। এখন থেকে এই হাসপাতালের নাম হল ডাঃ বিধানচন্দ্র রায় মাল্টিস্পেশালিটি হাসপাতাল। রাজ্যের কিংবদন্তি চিকিৎসককে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। চিকিৎসক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তীব্র আক্রমণ করেন পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে। তিনি বলেন রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একসময় বলেছিলেন, যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখছি বিধানচন্দ্র রায় কাজ শুরু করেছিলেন। আর আমি বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে বলতে বাধ্য হচ্ছি, যেখানে হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। সেইসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যনীতি এবং হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। বাংলা থেকে বহু রোগী ভিন রাজ্যে চিকিৎসার জন্য যান। এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এতোদিন কুকুর-বিড়াল শুয়ে থাকত সরকারি হাসপাতালের ভিতর।
শুভেন্দু অধিকারী আরও জানান, পশ্চিমবঙ্গের মানুষের মেধা এবং দক্ষতা দেশের যে কোনও প্রান্তের সঙ্গে পাল্লা দিতে সক্ষম। কিন্তু পূর্বতন সরকারের আমলে সেই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসার ক্ষেত্রে অন্তত রাজনীতির প্রয়োজন ছিল না। যা তৃণমূল সরকার অভ্যাসে পরিনত করেছিল। এদিন সরকারি হাসপাতালগুলিতে নজরদারির জন্য স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম, নবরূপে সজ্জিত প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি উদ্বোধন করা হল ২০০টি অ্যাম্বুলেন্সের।