• অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষের নাম বাদ! বাকিদের অ্যাকাউন্টে আজই ঢুকবে টাকা, জানালেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার নেতাজি ইন্ডোরে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকা কোনও অভারতীয় বা ভুয়ো উপভোক্তাকে দেওয়া যাবে না। একটি টাকাও যাতে অপচয় না হয় সেই বিষয়ে নজর রাখতে হবে। ১২ পাতার ফর্ম নিয়ে প্রথম দিকে অনেকেই সমালোচনা করেছিলেন। কিন্তু শেষে মাত্র ৪ পাতার ফর্ম পূরণ করতে হয়। এই তথ্য আগামীদিনেও অন্যান্য সরকারি প্রকল্পেও কাজে আসবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূল সরকারের আমলে চলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তথ্য যাচাই ইস্যুতেও এদিন ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দুবাবু। জানান, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া প্রায় ২কোটি মহিলার অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে। দেখা গিয়েছে তাঁদের মধ্যে ২৬ লক্ষ উপভোক্তা আদতে ভারতীয় নন। কেউ আবার মৃত বা অন্যত্র চলে গিয়েছেন। এমনকী কয়েকজন পুরুষও ছিলেন! তাঁদের অ্যাকাউন্টেও এতদিন টাকা ঢুকেছে। জনগণের ট্যাক্সের টাকায় এই দান-খয়রাতি চলতে পারে না। বলেন, অন্নপূর্ণা যোজনার জন্য মোট ১ কোটি ৬০ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। ঝাড়াই বাছাইয়ের পর তাঁদের মধ্যে থেকে ২৬ লক্ষ মহিলার নাম বাদ দেওয়া হয়েছে। প্রকল্পের যে মাপকাঠি রয়েছে অনেকেই তা তাঁরা পূরণ করতে সমর্থ হননি। বাকিরা অবশ্য যোগ্য প্রাপক বলে বিবেচিত হয়েছেন। তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

    গত ৩ জুন ২৭ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাঠানো হয়েছিল। এরপর আজকের অনুষ্ঠান মঞ্চ থেকেই যোগ্য প্রাপক বিবেচিত হওয়া মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এদিন দুপুরে সরাসরি ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। টাকা বিকেলের মধ্যেই তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানানো হয়েছে। এছাড়া এদিন রাত ১২টা পর্যন্ত পোর্টালে আপলোড হওয়ার পর বাকিদেরও টাকা ঢুকতে শুরু করবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তাঁরা জুলাই এবং আগস্ট পর্যন্ত সময় পাবেন। যারা সিএএ-তে আবেদন করেছেন তাঁদেরও অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। এমনকী ট্রাইবুনালে যাঁদের আবেদন আটকে রয়েছে তাঁরাও এই টাকা পাবেন। পাহাড়ি এলাকার মানুষরাও এই টাকা ইতিমধ্যেই পেয়েছেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সরকারি আধিকারিকরা। ছিলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, বিভাগের প্রধান সচিব মৌমিতা গোদারিয়া-সহ অন্যান্যরা।
  • Link to this news (বর্তমান)