• দক্ষিণ ২৪ পরগনায় চোখ কপালে ওঠার মত তথ্য, খোঁজ নেই প্রায় ৬ লক্ষ জব কার্ডধারীর
    News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
  • এবার দক্ষিণ ২৪ পরগনায় চোখ কপালে ওঠার মত তথ্য মিলল। খোঁজ নেই প্রায় ৬ লক্ষ জব কার্ডধারীর। জব কার্ডে ই-কেওয়াইসি নিয়ে কড়াকড়ি শুরু হতেই প্রায় ৬ লক্ষ জব কার্ড হোল্ডারের খোঁজ পাওয়া গেল না। এঁরা কোথায় গেলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। জব কার্ডে জেলায় আধার-ভিত্তিক ডিজিটাল ফিল্টারিং এবং ই-কেওয়াইসি বাধ্যতামূলক করতেই এই তথ্য সামনে এসেছে। স্ক্রুটিনির কড়াকড়ি হতেই, বিডিওদের বারবার ডাকে দেখা নেই ওই জব কার্ড হোল্ডারদের।

    দক্ষিণ ২৪ পরগনা জেলায় মোট ২৯টি ব্লকে ২৩ লক্ষ ৪০ হাজার ৫০ জন জব কার্ড হোল্ডারের মধ্যে বর্তমানে ৫,৮২,৯৯৮ জব কার্ড হোল্ডারের ই-কেওয়াইসি পেন্ডিং রয়েছে। সংশ্লিষ্ট ব্লকের বিডিও রা একাধিকবার সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিলেও এই বিপুল সংখ্যক কার্ডধারীর কোনও হদিশ মেলেনি।

    তথ্য বলছে কুলপিতে ৩৬,৭৯৪ জন, পাথরপ্রতিমাতে ৩৪,০৪২ জন, বারুইপুরে ৩২,১৮০ জন, গোসাবাতে ২৮,৬১৩ জন, বাসন্তীতে ২৭,৬৩৪ জন, মগরাহাট ১ ব্লকে ২৭,১৫১ জন, কুলতলিতে ২৬,৮৯২ জন, ক্যানিং ১ ও ক্যানিং ২ ব্লকে ৪২,৬৪৯ জনের এখনও ই-কেওয়াইসি বাকি।

    এদিকে এই তথ্য সামনে আসার পর বিজেপি নেতৃত্বরা অভিযোগ তুলেছেন ভুয়ো জব কার্ডের মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে তৃণমূল। ডিজিটাল ফিল্টারিংয়ের এই কড়া পদক্ষেপের জেরে জেলাজুড়ে ১০০ দিনের কাজের ভুয়ো উপভোক্তাদের বড়সড় চক্র ফাঁস হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

    ব্লক স্তরে বিডিও অফিসগুলির পক্ষ থেকে এই ই-কেওয়াইসি ভেরিফিকেশনের সময়সীমা এবং প্রক্রিয়া ইতিমধ্যেই অফিশিয়ালি শেষ হয়েছে। বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও যে সমস্ত কার্ডধারী আধার ও ডিজিটাল ফিল্টারিং প্রক্রিয়ায় অংশ নেননি, তাঁদের প্রত্যেককে ভুয়ো বা ‘ভূতুড়ে’ উপভোক্তা হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, এই পেন্ডিং ই-কেওয়াইসি তালিকাভুক্ত ৫,৮২,৯৯৮ জন কার্ডধারীর নাম পাকাপাকিভাবে ডিলিট বা বাতিল করার জন্য ইতিমধ্য়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)