• দিঘার রথযাত্রায় এবার যা হতে চলেছে, আগে কখনও দেখা যায়নি! সাধারণ ভক্তদের জন‍্য বড় চমক
    News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
  • দিঘা জগন্নাথ মন্দিরে এবার মহা ধুমধামে পালিত হবে রথযাত্রা। রাজ্যে পালাবদলের পর দিঘা জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা। বর্তমান জগন্নাথ মন্দির এলাকায় ধাম শব্দটি তুলে দিয়ে প্রথমবার হচ্ছে রথযাত্রা। বিগত সরকারের সময় জগন্নাথ মন্দিরকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবারের রথযাত্রা নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক হয়। এ বাড়ি ভিআইপি কালচার বাদ দিয়ে সাধারণ মানুষের কথা ভেবে সকলেই যাতে রথযাত্রার অংশ নিতে পারে তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছে প্রশাসন। দিঘায় রথযাত্রা সময় প্রচুর পরিমাণে পর্যটক আসেন তাতে নিরাপত্তার কথা ভেবে ও রথযাত্রার সময় উৎসবকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

    বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে রথযাত্রা এক অন্যতম আবেগের উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে এবার এক অনন্য নজির সৃষ্টি করতে চলেছে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। ‘জনতাই জনার্দন’— এই বিশ্বাসকে অক্ষরে অক্ষরে সত্যি করে দিঘার রথযাত্রায় দেখা যাবে এক অভূতপূর্ব দৃশ্য। চিরাচরিত প্রথা ভেঙে ভিআইপি মন্ত্রী কিংবা গ্ল্যামার দুনিয়ার তারকা নন, স্বয়ং জগন্নাথ দেবের রথের রশি টানবেন সাধারণ ভক্তরা। ভক্তদের আবেগ, শ্রদ্ধা আর ভালবাসার কাছে যে অন্য কোনও পরিচয় বড় হতে পারে না, এই সিদ্ধান্ত যেন তারই এক জোরাল প্রমাণ।

    দিঘা এবং সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত। জাতি, ধর্ম, বর্ণ বা সামাজিক মর্যাদা নির্বিশেষে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রথের রশি টানবেন। কোনও ভিআইপি নিরাপত্তা বা বাড়তি কড়াকড়ি না থাকায় সাধারণ মানুষ খুব কাছ থেকে শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে দর্শন করার সুযোগ পাবেন। ভক্তদের মতে, রথের রশি ছুঁয়ে দেখার যে আকুলতা সাধারণ মানুষের থাকে, এই সিদ্ধান্তের ফলে তা পূর্ণ মাত্রায় সার্থক হবে। এক নতুন দিগন্তের সূচনা দিঘার এই রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি হয়ে উঠতে চলেছে এক সামাজিক সাম্যের প্রতীক।

    যেখানে ভিআইপি সংস্কৃতির আড়ম্বরকে দূরে সরিয়ে রেখে ভক্তি আর বিশ্বাসের জয়গান গাওয়া হবে। সমুদ্রনগরী দিঘার বুকে এই রথযাত্রা যেমন পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠবে, তেমনই ভক্তির পরিচ্ছন্ন ও নিরাভরণ রূপটি সমাজের সামনে তুলে ধরবে। ‘জনতাই জনার্দন’, এই মন্ত্রকে বুকে নিয়ে দিঘার রথযাত্রা এক নতুন ইতিহাসের সূচনা করতে চলেছে। রথের প্রস্তুতি নিয়ে জেলাশাসক বলেন, “রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। ২ জুলাই ট্রায়াল রান হবে। ভক্তদের নিরাপত্তার বিষয়টা মাথায় রাখা হয়েছে।” যেখানে প্রতিটি ভক্তই হবেন এই উৎসবের প্রধান অতিথি। রীতি নিয়ম মেনে এবারেও দিঘা জগন্নাথ মন্দিরে হবে রথযাত্রা।
  • Link to this news (News18 বাংলা)