• প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই খুন? পান্ডুয়ায় গৃহবধূ হত্যায় অভিযুক্ত প্রেমিকের খোঁজে পুলিশ
    News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
  • সম্পর্কের টানাপোড়েনের জেরে চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল হুগলির পান্ডুয়ায়। অভিযোগ, কাস্তে দিয়ে গলা কেটে খুন করা হয়েছে এক গৃহবধূকে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে মৃতার প্রেমিকের নাম উঠে এসেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দাঁপুর এলাকায় ৩৪ বছর বয়সি ওহিদা খাতুন খুন হন। মৃতার দিদি ফরিদা বিবি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

    পরিবারের দাবি, প্রায় নয় বছর আগে দাঁপুরের বাসিন্দা হোসেন আলীর সঙ্গে ওহিদার বিয়ে হয়েছিল। জানা গিয়েছে, হোসেন আলী মানসিকভাবে কিছুটা অসুস্থ। ওহিদার বাপের বাড়ি গুরাপ থানার আকবরপুর এলাকায়। অভিযোগ, প্রায় তিন বছর আগে প্রতিবেশী গ্রামের বাসিন্দা গোপাল ক্ষেত্রপালের সঙ্গে ওহিদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

    অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে মুখে গামছা বেঁধে এক ব্যক্তি ওহিদার বাড়িতে ঢোকে। এরপর বাড়ির বাথরুমের পাশে কাস্তে দিয়ে তাঁর গলায় কোপ মেরে পালিয়ে যায়। গলায় গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওহিদা। পরিবারের সদস্যরা দ্রুত পুলিশে খবর দেন। পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওহিদাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    মৃতার দিদি ফরিদা বিবি অভিযোগ করেছেন, গোপাল ক্ষেত্রপালের সঙ্গেই দীর্ঘদিন ধরে ওহিদার সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাঁকে সেই সম্পর্ক থেকে সরে আসার জন্য বোঝানো হয়েছিল। তাঁদের দাবি, ওহিদা হয়তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, আর সেই কারণেই এই খুনের ঘটনা ঘটেছে।

    ফরিদা বিবি আরও জানান, ওহিদার দুই কন্যাসন্তান রয়েছে। বড় মেয়ের বয়স সাত বছর এবং ছোট মেয়ের বয়স পাঁচ বছর। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং অভিযুক্তের ফাঁসির দাবিও তুলেছেন। ইতিমধ্যেই পান্ডুয়া থানার পুলিশ অভিযুক্ত গোপাল ক্ষেত্রপালের খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।

    সোমনাথ ঘোষ
  • Link to this news (News18 বাংলা)