সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতালে আধুনিক চিকিৎসা পরিষেবা আরও একধাপ এগল। বুধবার হাসপাতালে যুক্ত হল একটি পোর্টেবল আল্ট্রাসনোগ্রাফি মেশিন। যার ফলে বিশেষ করে প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসায় দ্রুত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।
হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ জানান, নতুন পোর্টেবল আল্ট্রাসনোগ্রাফি মেশিনটি মূলত লেবার রুমের সামনে রাখা হবে। প্রসবকালীন জটিল পরিস্থিতিতে রোগীকে অন্যত্র নিয়ে না গিয়েই দ্রুত ইউএসজি করা সম্ভব হবে। এতে সময় বাঁচবে এবং মা ও নবজাতকের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এতদিন এই সুবিধার অভাবে অনেক ক্ষেত্রে সময়মতো প্রসূতি ও তাঁর গর্ভে থাকা শিশুর অবস্থা জানা সম্ভব হত না। যার ফলে জটিলতা তৈরি হত। নতুন এই মেশিন চালু হওয়ায় শিশু ও মাতৃ মৃত্যুর হার কমাতে উল্লেখযোয্য ভূমিকা রাখবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের আশা।
শুধু পোর্টেবল ইউএসজি মেশিন নয়, ইতিমধ্যে শিলিগুড়ি জেলা হাসপাতালে যুক্ত হয়েছে পোর্টেবল এক্স-রে মেশিন। বিভিন্ন ওয়ার্ডে এই পরিষেবা চালু থাকায় শয্যাশায়ী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা আরও সহজ হয়েছে। সব মিলিয়ে আধুনিক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে হাসপাতালটি আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে।
এবারের রাজ্য বাজেটে দার্জিলিং জেলার জন্য একটি সুপার স্পেশালিটি হাসপাতাল বরাদ্দ হওয়ায় চিকিৎসক মহলের ধারণা, সেটি শিলিগুড়ি মহকুমাতেই গড়ে উঠতে পারে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নতুন চিকিৎসা পরিকাঠামো ও আধুনিক সরঞ্জাম যুক্ত হওয়ায় শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী পরিষেবার মান আরও উন্নত হবে বলেই আশা চিকিৎসক ও সাধারণ মানুষের। • নিজস্ব চিত্র।