• পাকিস্তানি চর সন্দেহে গ্যাংটকে গ্রেপ্তার তরুণ
    বর্তমান | ০২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সিকিমের শান্তিপ্রিয় মানুষের ভিড়ে পাকিস্তানি চর! চীন সীমান্তের একেবারে খুব কাছে থেকে এক সাধারণ ব্যবসায়ীর আড়ালে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর জন্য খবর লেনদেন করছিল। এমনকী শুরু করেছিল সদস্য সংগ্রহ করার কাজ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ঢুকে ভারত বিদ্বেষী পেজ খুলে সেখানে যুব সমাজের একাংশকে আকৃষ্ট করার কাজ করছিল সেই তরুণ। একাধিক মাধ্যম থেকে এমন খবর পেতেই মঙ্গলবার সিকিম পুলিশের সাহায্য নিয়ে অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এরপর গ্রেপ্তার করা হয় ওই পাকিস্তানি চরকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আরজু। সিকিমের নামনাং এলাকায় তার বাড়ি। মাত্র ১৯ বছরের ওই তরুণ তার বাবার সঙ্গে গ্যাংটকের লোয়ার এম জি মার্গে একটি পানের দোকান চালাত। 

    পুলিশ সূত্রেই জানা গিয়েছে, ইসলামিক স্টেটের হয়ে গ্রুপ অব ইসলামিক মেম্বারস নামের একটি সোশ্যাল মিডিয়ার পেজ চালাত সে। চীন সীমান্তের খুব কাছে থেকেই ওই পেজের মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করত। সেখানে দেশের নানান প্রান্তের সংখ্যালঘু যুবকদের নিশানা করা হতো বলে অভিযোগ। এর পাশাপাশি চীন সীমান্তের দিকে ভারতীয় সেনাবাহিনীর কোন গাড়ি যাতায়াত করছে, কী কী অত্যাধুনিক হাতিয়ার নিয়ে যাওয়া হচ্ছে, সেই সকল তথ্যও জোগাড় করত ওই তরুণ, এমনটাই আন্দাজ করছেন গোয়েন্দারা। ইতিমধ্যে ওই তরুণের হেপাজত থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড, পেনড্রাইভ সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছেন তদন্তকারীরা। ওই সব ডিভাইস থেকে একাধিক রহস্যজনক তথ্য পাওয়া গিয়েছে বলে গোয়েন্দা সূত্রেই জানা গিয়েছে। 

    চীন সীমান্তের কাছে চিকেনস নেক তথা শিলিগুড়ি করিডর। ভারত বিরোধী পাকিস্তান ও আগ্রাসী চীনের থেকে বরাবর এই অঞ্চলকে সুরক্ষিত রাখাই দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান লক্ষ্য। এমন অবস্থায় সিকিম থেকে এক পাকিস্তানি চর গ্রেপ্তার হওয়ায় এই অঞ্চলে আরও কিছু লিংকম্যান রয়েছে কি না সেই প্রশ্নও উঠেছে। 

    • ধৃত মহম্মদ আরজু।
  • Link to this news (বর্তমান)