• পানশালায় ডাকাতির অভিযোগে গ্রেপ্তার শংকর আঢ্যর ভাই সহ ৩
    বর্তমান | ০২ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: বনগাঁর একটি পানশালায় ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতদের নাম মলয় আঢ্য, শুভঙ্কর পাল ও পিন্টু বাইন। ধৃত মলয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর ভাই।

    গত রবিবার গভীর রাতে বনগাঁ তিন নম্বর টালিখোলার একটি পানশালার অফিসে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তারা। অভিযোগ, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স থেকে ১ লক্ষ ৮৫ হাজার টাকা সহ বেশ কয়েকটি সোনার চেন ও আংটি লুট করে দুষ্কৃতীরা। বনগাঁ থানায় মলয়সহ পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেন তপশ্রী দাস। ঘটনার সময় তিনি ব্যবসার কাজে নিজেদের অফিসে ছিলেন বলে দাবি তাঁর। ঘটনার তদন্তে নেমে সোমবার শুভঙ্কর পালকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আদালতে তুলে নিজেদের হেপাজতে নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তাঁকে জেরা করে মলয় আঢ্যর খোঁজ পায়। মঙ্গলবার রাতে বনগাঁর শিমুলতলা থেকে মলয় ও পিন্টুকে গ্রেপ্তার করে। পুলিশের হাত থেকে বাঁচতে পালানোর ছক কষেছিল মলয়। কিন্তু পালানোর আগেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক মলয় আঢ্যকে ৯ দিন পুলিশ হেপাজতে পাঠিয়েছেন। পিন্টুর জেল হেপাজত হয়েছে। গাইঘাটা এলাকায় এক ব্যক্তির আইসক্রিম কারখানা জোর করে দখলের অভিযোগ রয়েছে মলয় আঢ্য ও তাঁর দাদা শঙ্কর আঢ্যর বিরুদ্ধে। এবিষয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন কারখানার মালিক। রাজনীতিতে সেভাবে যোগ না থাকলেও গত পুরসভা নির্বাচনে পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। যদিও তিনি পরাজিত হন। উত্তর ২৪ পরগনা জেলা (গ্রামীণ) কংগ্রেস সভানেত্রী ইন্দ্রাণী চট্টোপাধ্যায় বলেন, ধৃত ব্যক্তি কোনোদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন না। গত পুর নির্বাচনে কীভাবে দলের প্রার্থী হয়েছিলেন আমি জানি না।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)