প্রথম স্তরেই ধরা পড়বে জটিল রোগ, রেফার হবে সঠিক সময়ে! গ্রামীণ চিকিৎসকদের নিয়ে হাওড়ায় বড় উদ্যোগ
News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে আরও সহজে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ হাওড়ায়। গ্রামীণ চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক (স্পেশ্যালিস্ট) ঐক্যবদ্ধ হয়ে বিশেষ কর্মশালা ও চিকিৎসক সম্মেলনের। এই উদ্যোগের মূল লক্ষ্য, প্রাথমিক স্তরেই রোগ নির্ণয়কে আরও নির্ভুল করা এবং প্রয়োজন হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। সহজ এবং মানবিক চিকিৎসা পরিষেবার মধ্য দিয়ে মানুষকে সুস্থ করে তোলা। কলকাতা তথা বাংলার চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরানো এবং বাংলা ছেড়ে অন্যত্র চিকিৎসা পরিষেবায় নির্ভরতা কমান।
এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক গ্রামীণ চিকিৎসক অংশ নেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নিউরোলজি, মেডিসিন, শিশু, হৃদরোগ-সহ একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করা, আধুনিক চিকিৎসা পদ্ধতি, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং রোগীকে সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত নিউরোলজিস্ট ডা. এম. এন. শামিম বলেন, গ্রামীণ চিকিৎসকেরাই সাধারণ মানুষের প্রথম ভরসার জায়গা। তাই তাঁদের নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা সংক্রান্ত জ্ঞান আরও সমৃদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। এই ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে। ফলে রোগীরা দ্রুত সঠিক রোগ নির্ণয় ও প্রয়োজনীয় উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।
আয়োজক চিকিৎসকদের তরফে জানান হয়, এই কর্মশালার মূল উদ্দেশ্য শুধু চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া নয়, বরং গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলা। ভবিষ্যতে জেলার বিভিন্ন ব্লক ও মহকুমায় এই ধরনের আরও কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এর ফলে গ্রামীণ চিকিৎসকেরা নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও আধুনিক চিকিৎসা সংক্রান্ত তথ্যের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। একইসঙ্গে জটিল রোগের ক্ষেত্রে রোগীদের দ্রুত সঠিক চিকিৎসাকেন্দ্রে পাঠান সম্ভব হবে, যা চিকিৎসায় সাফল্যের হারও বাড়াবে। আয়োজকদের আশা, এই উদ্যোগের মাধ্যমে শহর ও গ্রামের স্বাস্থ্য পরিষেবার ব্যবধান অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ নিজেদের এলাকার কাছেই আরও উন্নত, আধুনিক ও মানসম্মত চিকিৎসা পরিষেবার সুবিধা পাবেন।