‘মেসি গোল করুক, আমি বিশ্বকাপ জিততে চাই’, গোল্ডেন বুটের লড়াইয়ে ঢুকেও ‘টিমম্যান’ এমবাপে
এই সময় | ০২ জুলাই ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপে গোলের লড়াইয়ে এখন সমান তালে এগিয়ে চলেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। দু'জনেরই ঝুলিতে রয়েছে ছয়টি করে গোল। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফরাসি অধিনায়ক। অন্যদিক থেকে মেসির থেকে অভিজ্ঞতা ও বয়সের দিক থেকে অনেকটা দূরে রয়েছেন এমবাপে। কেরিয়ারের শেষ পর্যন্ত তিনি কোথায় গিয়ে থামবেন সেটা এখন কোটি টাকার প্রশ্ন। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য—১৯ জুলাই নিউ ইয়র্কে বিশ্বকাপ ট্রফি হাতে তোলা।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে নিয়ে গিয়েছেন এমবাপে। মাত্র ১৮ ম্যাচে এই কীর্তি গড়ে তিনি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন। তাঁর সামনে রয়েছেন শুধু আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি, যার ২৯ ম্যাচে ১৯ গোল।
ব্যক্তিগত রেকর্ড নয়, লক্ষ্য ফাইনাল
মাত্র ২৭ বছর বয়সে এই সাফল্য থাকলেও এমবাপে ব্যক্তিগত রেকর্ডের দিকে ঝুঁকছেন না। সুইডেনের বিপক্ষে জয়ের পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় এমবাপে স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য যত দূর সম্ভব এগিয়ে যাওয়া। ১৯ জুলাইয়ের ফাইনালে খেলতে আবার নিউ ইয়র্কে ফিরে আসতে চাই। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমাদের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জেতা।’
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিয়ে প্রশ্ন করা হলে এমবাপে বলেন, বেশি গোল করলে স্বাভাবিকভাবেই তালিকায় ওপরে ওঠা যায়। তবে সেটি নিয়ে তিনি অতিরিক্ত ভাবছেন না। বলেন, ‘আমি নিশ্চিত, লিও (মেসি) আরও গোল করবে। তাই রেকর্ড নিয়ে খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ প্রতিপক্ষকে নিয়ে এবং কী ভাবে আমরা ফাইনালের আরও কাছাকাছি যেতে পারি, সেটাতেই।’
২০২২ সালে গোল্ডেন বুট পেয়েছিলেন এমবাপে, কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি। তাই এ বার তাঁর লক্ষ্য ব্যক্তিগত সাফল্য নয়, বিশ্বকাপ।