• নতুন মারাদোনা? গোল না করেও ফ্রান্সের প্রধান অস্ত্র, বিশ্বকাপে ঝলমলে ওলিসে
    এই সময় | ০২ জুলাই ২০২৬
  • প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করেছিলেন ক্রিস্ট্যাল প্যালেসের হয়ে। ২০২৪ সালে যোগ দেন বায়ার্ন মিউনিখে। তার পরে আর ফিরে তাকাতে হয়নি। ক্লাব ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মাইকেল ওলিসে। এ বার বিশ্বকাপে নজর কাড়ছেন ফ্রান্সের হয়ে। সুইডেনের বিরুদ্ধে শেষ ৩২-এর ম্যাচে ফ্রান্সের তিনটি গোলের নেপথ্যেই রয়েছে ওলিসের পাস। এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত ফ্রান্স। ছয় গোল করে এই সাফল্যের কারিগর হিসেবে স্পটলাইটে উঠে এসেছেন কিলিয়ান এমবাপে। কিন্তু গোল না করেও দেশঁর আসল অস্ত্র কিন্তু ওলিসে-ই। ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছেন মারাদোনাকে। পেলে-মেসির রেকর্ডও ভাঙার মুখে। দুরন্ত স্কিলে ফুল ফোটাচ্ছেন মাঠে। তবে কি ‘নতুন মারাদোনা’কে পেয়ে গেল ফুটবল?

    ‘নাম্বার ১০’ হিসেবে বাজিমাত ওলিসের

    মূলত উইঙ্গার হিসেবে খেলতে দেখা যায় ওলিসেকে। কিন্তু ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ তাঁকে খেলাচ্ছেন ‘নাম্বার ১০’-এর ভূমিকায়। যে ভূমিকায় নজর কেড়েছেন মারাদোনা থেকে মেসি। আর নতুন দায়িত্ব দারুণভাবে পালন করছেন ওলিসে।

    চলতি বিশ্বকাপে চার ম্যাচে টানা জয় পেয়েছে ফ্রান্স। ১৩টি গোল করেছে তারা। ছয় গোল করে এমবাপে আক্রমণের আগুন ঝরালেও এই গোলগুলির পিছনে সবচেয়ে বড় অবদান ওলিসের ক্রিয়েটিভ ফুটবলের। এমবাপের ঠিক পিছনে খেলে দুরন্ত স্কিল বা গতির ঝলকে প্রতিপক্ষের রক্ষণ ভাঙা এবং একের পর এক সুযোগ তৈরির আসল কাজটা করছেন ওলিসে-ই।

    বিশ্বকাপে নয়া ইতিহাস ওলিসের

    সুইডেন ম্যাচের পরে চলতি বিশ্বকাপে ওলিসের অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ। একবিংশ শতাব্দীতে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের নজির গড়েছেন তিনি। সর্বকালের তালিকাতেও তিনি এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ছুঁয়ে ফেলেছেন দিয়েগো মারাদোনা এবং আরও চার কিংবদন্তিকে। এক বিশ্বকাপে প্রত্যেকেই করেছেন পাঁচটি অ্যাসিস্ট। ওলিসের সামনে এখন শুধুমাত্র কিংবদন্তি পেলে। ১৯৭০ সালের বিশ্বকাপে তিনি করেছিলেন ছয়টি অ্যাসিস্ট।

    মেসি-মারাদোনাকে টপকে যাবেন ওলিসে?

    এতেই শেষ নয়। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড গড়ার সুযোগও রয়েছে ওলিসের সামনে। লিওনেল মেসি এবং দিয়েগো মারাদোনা আটটি অ্যাসিস্ট করে যৌথভাবে শীর্ষে রয়েছেন সেই তালিকায়। ওলিসের ঝুলিতে এখন পাঁচটি অ্যাসিস্ট। আরও তিনবার গোলের বল বাড়াতে পারলেই ইতিহাস গড়ে ফেলবেন তিনি।

    বিশ্বকাপে এখনও করেননি একটাও গোল। তবে একের পর এক নিখুঁত অ্যাসিস্ট ও নজরকাড়া স্কিলে ওলিসে প্রমাণ করেছেন, ফ্রান্সের আক্রমণের আসল কারিগর তিনিই।
  • Link to this news (এই সময়)