কলকাতা লিগের প্রস্তুতির মাঝে বিশ্বকাপে চোখ, ব্রাজ়িলেই বাজি ধরছেন ব্যারেটো
এই সময় | ০২ জুলাই ২০২৬
জাপানের বিরুদ্ধে কোনওরকমে জিতে শেষ ১৬–য় পৌঁছেছে ব্রাজ়িল। মন ভরেনি ভিনিদের খেলায়। তবে হোসে র্যামিরেজ ব্যারেটো মনে করছেন, এ বার আসল ব্রাজ়িলকে দেখতে পাওয়া যাবে। তাঁর কথায়, ‘জাপানের বিরুদ্ধে প্রথমার্ধে আমরা সত্যিই ভালো খেলতে পারিনি। কিন্তু আপনারা যদি দ্বিতীয়ার্ধের খেলা দেখে থাকেন, তা হলে বুঝতে পারবেন, ব্রাজ়িল অনেক ভালো খেলেছে। আমার মনে হয়, এই খেলাটাই এ বার খেলতে হবে ব্রাজ়িলকেও। ধারাবাহিকতা আনতে হবে। আমি আমাদের নিয়ে খুবই আশাবাদী।’
এ বারের কলকাতা লিগে ‘তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ’–এর কোচ হয়েছেন ব্যারেটো। বুধবার তমলুকে লিগ প্রস্তুতি নিয়ে কথা বলেন ব্যারেটো। আমাদের গ্রুপে মোহনবাগান–ইস্টবেঙ্গলের মতো টিম রয়েছে। ছেলেদের কাছে নিজেদের প্রমাণের দারুণ সুযোগ। আমরা পুরোপুরি তৈরি।’ কলকাতা লিগে এই প্রথম কোচ হিসেবে ডাগ আউটে দেখা যাবে ব্যারেটোকে।
লিগে কোচিং করানো নিয়ে বেশ উত্তেজিত এক সময়ে মোহনবাগানের প্রাণ ভ্রোমরা ব্যারেটো। বড় চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি। বিএসএলে কোচিং করালেও কলকাতা লিগ পুরোপুরি আলাদা লড়াইয়ের জায়গা। সেটা জানেন বহু ম্যাচের নায়ক ব্যারেটো। জানেন বলেই ছেলেদের সেই ভাবে তৈরি করার চেষ্টা করছেন। তমলুকে টানা শিবির হয়েছে। বেশ কিছু স্থানীয় ছেলেকে জর্জ টিমে খেলতে দেখা যাবে এ বার।
ব্যারেটোর সঙ্গে সহকারী কোচ হিসেবে রয়েছেন সুমন দত্ত। তিনি এক সময়ে ব্যারেটোর সঙ্গে খেলতেন। কোচিংও করিয়েছেন। যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা থাকে সুমনের।
এ দিনের অনুষ্ঠানে ছিলেন জর্জের প্রেসিডেন্ট সুব্রত দত্ত, যুগ্ম সচিব অনিন্দ্য দত্ত সহ আরও অনেকে। সবার মুখেই এ বার ভালো কিছু করার প্রতিশ্রুতি।