• নাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল চিতাবাঘ! তারপর ৬০ বছরের দিদিমা যা করলেন, হতবাক বনকর্মীরাও
    News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
  • চিতাবাঘের সঙ্গে লড়াই করে নিজের নাতি ও পোষ্যকে বাঁচালেন দেবিকা শেরপা। বয়স ষাট ঊর্দ্ধ! দার্জিলিংয়ের লোয়ার ভুটিয়া বস্তির দেবকোটা গ্রামের ঘটনা। যা নিয়ে এলাকায় এখোনও আতঙ্ক। জখম দেবীকা দেবী চিকিৎসাধীন। আপাতত তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

    দেবীকা দেবী তখন বাড়ির দোতালায় ছিলেন। আচমকা বাড়িতে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। নীচে তখন তাঁর নাতি ও পোষ্য। চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে নাতি ও পোষ‍্যের ওপর। আওয়াজ শুনে নিজের জীবনকে বাজি রেখে নেমে আসেন নীচে। প্রায় এক ঘণ্টা ধরে চিতাবাঘের সঙ্গে কার্যত খালি হাতে লড়াই করেন দেবিকা দেবী। চিতা বাঘটি পালটা ঝাঁপালে তিনি হাতের সামনে থাকা লাঠি দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এভাবেই নিজের ৮ বছর বয়সী নাতি ও পোষ্য কুকুরকে বাঁচিয়েছেন ষাটোর্দ্ধ এই বৃদ্ধা। মানুষ ও বন্যপ্রাণের লড়াইয়ের এক উদাহরণ! চিতাবাঘের আক্রমণে মারাত্মক জখম হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন। মাথায় ও হাতে আঘাত রয়েছে। রক্তক্ষরণও হয়েছে।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বন কর্মীরা। চিতাবাঘটি এখনও ক্ষিপ্ত হওয়ায় তাকে ধরা মুশকিল। এলাকায় আতঙ্ক। চিতাবাঘটিকে বাগে আনতে তৎপর বন দপ্তর। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় চিতাবাঘের আনাগোনা রয়েছে। এমনকী এর আগে দেবীকা দেবীর বাড়িতেও হানা দিয়েছিল চিতা। এর আগেও কার্শিয়ংয়ে এমন ঘটনা ঘটেছিল বছর কয়েক আগে।

    অন‍্যদিকে,  বনদফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নাগরাকাটার ভগৎপুর চা বাগানের ১৪ নম্বর সেকশনে পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় চা-শ্রমিকরা প্রথমে বাঘের গর্জন শুনতে পান। এরপর ঘটনাস্থলের কাছে গিয়ে তাঁরা দেখতে পান, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ বনদফতরের খাঁচায় আটকা পড়েছে।
  • Link to this news (News18 বাংলা)