উত্তরবঙ্গের এই জঙ্গলে বাড়ছে রেড পান্ডা! বর্ষা কাটলেই বড় সমীক্ষায় নামছে বনদফতর
News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
উত্তরের পাহাড় জঙ্গলের এডভেঞ্চারাস ট্রিপের প্ল্যান করছেন? তা হলে এই চমক আপনার জন্য। অর্কিডের স্বর্গে মিলছে রেড পান্ডার খোঁজ! উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল আর ডুয়ার্স প্রকৃতিপ্রেমীদের কাছে বরাবরই স্বর্গরাজ্য। বর্ষার ছোঁয়ায় এই সৌন্দর্য যেন আরও মোহময় হয়ে ওঠে। তার মধ্যেই নতুন করে কৌতূহল বাড়াচ্ছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান।
বনদফতরের প্রাথমিক অনুমান, এই অরণ্যে বাড়ছে বিরল প্রজাতির রেড পান্ডার সংখ্যা। সম্প্রতি মার্চ-এপ্রিল মাসে বন্যপ্রাণ পর্যবেক্ষণের সময় বনকর্মীরা একাধিক রেড পান্ডার দেখা পান। সেই সূত্রেই নতুন করে আশার আলো দেখছে বনদফতর। তাই বর্ষা কাটলেই শুরু হতে চলেছে বিশেষ সমীক্ষা, যেখানে খতিয়ে দেখা হবে রেড পান্ডার প্রকৃত সংখ্যা, তাদের আবাসস্থল এবং খাদ্যাভ্যাস সহ যাবতীয় সবরকমের বৈশিষ্ট।
কীভাবে হবে এই সমীক্ষা? গরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও রাজীব দে জানিয়েছেন, এই সমীক্ষায় অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করা হবে। বনাঞ্চল থেকে সংগ্রহ করা মলের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে হায়দরাবাদের বিশেষ ল্যাবরেটরিতে। এর মাধ্যমে সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হবে প্রাণীগুলির সংখ্যা ও বিস্তৃতি। এরই সঙ্গে, নেওড়া ভ্যালিতে দ্রুত ছড়িয়ে পড়া মালিঙ্গা প্রজাতির বাঁশ রেড পান্ডার বাসস্থানের উপর কোনও প্রভাব ফেলছে কিনা, তাও খতিয়ে দেখবে সংশ্লিষ্ট মহল। কারণ এই প্রজাতির বাঁশের বিস্তার ভবিষ্যতে বাস্তুতন্ত্রে পরিবর্তন আনতে পারে।
প্রসঙ্গত, ২০২১-২২ সালের সমীক্ষায় নেওড়া ভ্যালিতে প্রায় ৩২টি রেড পান্ডার অস্তিত্বের তথ্য মিলেছিল। এবার সেই সংখ্যায় বৃদ্ধি হয়েছে কিনা, তা জানতেই মুখিয়ে রয়েছে বনদফতর। এই বিষয়ে পরিবেশপ্রেমী স্বরূপ মন্ডল তিনি বলেন খুবই খুশির খবর বহুদিন পরে সেই এলাকায় রেড পান্ডা দেখা যাচ্ছে অধিক পরিমাণে এতেই পর্যটকের সংখ্যা কালিম্পং আসবে বলে মনে করছে তারাও আর পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।