• এ বার আরও বিপাকে দেবরাজ, ইডির রেডারেও অদিতি মুন্সির স্বামী
    এই সময় | ০২ জুলাই ২০২৬
  • এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) রেডারে তৃণমূলের প্রথম সারির নেতা দেবরাজ চক্রবর্তী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই সিবিআইয়ের স্ক্যানারে ছিলেন তিনি। এ বার ইডির নজরে। সূত্রের খবর, দেবরাজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নথি সংগ্রহ করতে শুরু করেছে ইডি। দেবরাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, বহু টাকার সম্পত্তি রয়েছে বিধাননগরের এই নেতার। ইডি জানতে চায়, দেবরাজের এই বিপুল সম্পত্তির উৎস কী? এ সংক্রান্ত নানা রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপের কথা ভাবনাচিন্তা করতে পারে ইডি।

    বাগুইআটি থেকে পুরুলিয়ায় পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর। বুধবার বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) হাতে গ্রেপ্তার হন তিনি। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুরুলিয়ার বাঘমুন্ডি লাগোয়া ঝাড়খণ্ড সীমানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    ৪ মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে তোলাবাজি-সহ একাধিক অভিযোগে এখনও পর্যন্ত বিধাননগরের পাঁচ জন প্রাক্তন কাউন্সিলারকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ মে বাগুইআটি থানায় দেবরাজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার হন তিনি। তাঁর বিরুদ্ধে ১০ জন প্রোমোটার থানায় অভিযোগ দায়ের করেছেন। তোলাবাজি থেকে হুমকি, কালো টাকা সাদা করা, শেল কোম্পানি তৈরি করা-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

    একাধিক অভিযোগ রয়েছে দেবরাজ ও তাঁর স্ত্রী অদিতি মুন্সির (রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক) বিরুদ্ধে। যে হেতু তাঁদের সন্তান ছোট, অদিতি রক্ষাকবচ পেয়েছেন আদালত থেকে। তবে দেবরাজ যে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন, তা খারিজ হয়ে যায়। এর পরেই দেবরাজ গা ঢাকা দেন বলে খবর। ফোন বন্ধ করে রেখেছিলেন। যদিও শেষরক্ষা হয়নি।

    বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ বাগুইআটি থানায় নিয়ে যাওয়া আসা হয় দেবরাজকে। পরে থানা থেকে মেডিক্যাল করাতে নিয়ে যাওয়া হয় বাগুইআটির স্বাস্থ্যকেন্দ্রে। মেডিক্যালের পরে ফের বাগুইআটি থানায় আনা হয়। এ দিনই বারাসত আদালতে তোলা হবে তাঁকে।

    এ দিকে দেবরাজের গ্রেপ্তার হওয়ার খবরে বৃহস্পতিবার ঢাক-ঢোল, কাঁসর, ব্যান্ড পার্টি নিয়ে মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিও পা মেলান সেই মিছিলে।

  • Link to this news (এই সময়)