• তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিরাট আপডেট
    আজকাল | ০২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: অরূপ বিশ্বাসের চিঠি, পরবর্তী কালে ঋতব্রত শিবিরের বিধায়কদের চিঠি। তার পরিপ্রেক্ষিতে ফ্রিজ করে দেওয়া হয় তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। তবে দলের দৈনন্দিন কাজে, লেনদেন বন্ধ থাকায়, সমস্যায় পড়তে হচ্ছে দু'শিবিরকেই। এর আগেই অ্যাকাউন্ট মামলায়, আদালতেই ধাক্কা খায় কালীঘাট শিবির। সোমবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির দাবি জানানো হয়। তা খারিজ হয়ে যায়। মঙ্গলেও এই মামলার শুনানি পিছিয়ে যায়, বৃহস্পতিতে। 

     এই পরিস্থিতিতে তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। সূত্রের খবর, শুনানিতে সব পক্ষ এদিন, আর্জি জানায়, অ্যাকাউন্ট ফ্রিজ জারি রেখেই, দলের দৈনন্দিন খরচের জন্য যুগ্ম স্পেশাল অফিসার  নিযুক্ত করার। তবে সূত্রের খবর, এই মামলা নিয়ে আজও কোনও নির্দেশ দিল না আদালত। জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে, অ্যাকাউন্টের অর্থের পরিমাণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারের মধ্যে জানাতে হবে অর্থের পরিমাণ। 

     সঙ্গেই মামলার পরবর্তী দিনক্ষণও জানিয়েছে আদালত। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। 

    বিধানসভা ভোটের ফলাফলে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। এরপরই দলের বেশিরভাগ বিধায়কই 'বিদ্রোহী'। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মাত্র কয়েকজন বিধায়ক। ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে 'বিদ্রোহী' শিবির নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করেছে। উভয় শিবিরই সংগঠনের নতুন পদাধিকারী নিয়োগ করে নির্বাচন কমিশনে পাঠিয়েছে। ফলে প্রশ্নের মুখে জোড়া-ফুলের নেতৃত্বভার। এসবের মধ্যেই সংগঠনে অভ্যন্তরীণ কোন্দলের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। 'বিদ্রোহী'রা পুলিশের দ্বারস্থ হয়েছেন। 

    মামলা সম্পর্কে আগেই, সলিসিটর জেনারেল তুষার মেহতার জানিয়েছিলেন, সোমবার মামলার নথি হাতে পেয়েছেন। ফলে বৃহস্পতিবারের আগে মামলার শুনানি শুরু হলে তা অত্যন্ত অসুবিধা হবে।

     
  • Link to this news (আজকাল)