আজকাল ওয়েবডেস্ক: ক্লাস চলাকালীন আচমকাই ভেঙে পড়ল স্কুলের ছাদের একাংশ! তবে শিক্ষিকার তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল চার পড়ুয়া। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জলঢাকা গিরিবর প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে তীব্র ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্লাস চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্লাসরুমের ছাদের কংক্রিটের চাঙড়। পরিস্থিতি বেগতিক বুঝে ক্লাসে উপস্থিত শিক্ষিকা দ্রুততার সঙ্গে পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। শিক্ষিকার এই উপস্থিত বুদ্ধির জেরেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরে ৪ জন পড়ুয়া।
স্কুলের শিক্ষিকাদের দাবি, দীর্ঘদিন ধরেই বিদ্যালয় ভবনের অবস্থা অত্যন্ত বেহাল ছিল। এর আগেও ছাদ থেকে অল্প অল্প করে কংক্রিটের অংশ খসে পড়ত। এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে স্কুল পরিদর্শক অফিস ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিনের দুর্ঘটনার পর ফের একবার প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। প্রশাসনের চরম গাফিলতির বিরুদ্ধে তাঁরা স্কুল চত্বরেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত অভিভাবকদের প্রশ্ন, “আজ যদি কোনও বড়সড় দুর্ঘটনা ঘটে যেত এবং শিশুদের প্রাণহানি হতো, তবে তার দায় কে নিত?”
এই বিষয়ে ধূপগুড়ির বিডিও সোমনাথ হালদার জানিয়েছেন, পুরো বিষয়টি স্কুল পরিদর্শককে জানানো হয়েছে। তিনি ইতিমধ্যে ঘটনাটি খতিয়ে দেখছেন। তদন্ত রিপোর্টের ভিত্তিতে স্কুল ভবন সংস্কারের জন্য দ্রুত প্রয়োজনীয় সব রকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।