আজকাল ওয়েবডেস্ক: কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘর ধসে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) মামলা গ্রহণ করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। এই ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন শ্রমিক। কমিশন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার কমিশনারের কাছে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
NHRC জানিয়েছে, ২৪ জুন ২০২৬ তারিখে তারাতলা এলাকায় নির্মীয়মাণ একটি গুদামঘর ভেঙে পড়ার ঘটনায় প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেই তারা এই পদক্ষেপ করেছে। অভিযোগ, অনুমোদিত ভবন নির্মাণের নকশাতেই ত্রুটি ছিল, যার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কমিশনের পর্যবেক্ষণ, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য সত্য হলে এটি মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনা। তাই রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ওই রিপোর্টে তদন্তের অগ্রগতি, দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিবারের সদস্য ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও তথ্য জানাতে বলা হয়েছে।