তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য চেয়ে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাস থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখার ম্যানেজারকে আগামী বুধবারের মধ্যে তৃণমূল কংগ্রেসের আর্থিক তহবিলের ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে। আদালত আগামী ৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই মামলার পরবর্তী শুনানিও আগামী ৮ জুলাই হবে।
এদিকে, মামলার শুনানির সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাময়িকভাবে আর্থিক লেনদেন চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
ফলে, তৃণমূলের ব্যাঙ্ক তহবিল সংক্রান্ত মামলায় আপাতত আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর থাকছে।
তহবিল নিয়ে মমতাপন্থী ও ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। কালীঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘বিদ্রোহী’ শিবির তৃণমূল কংগ্রেসের প্রতীক ও তহবিলের দখল নিতে মরিয়া। বৃহস্পতিবারই তাঁরা পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে নির্বাচন কমিশনের দরবারে। ঋতব্রতর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ১০ জন বিধায়কের একটি প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, '২২ জুন তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে হয়। আমরা কার্যকরী কমিটির পুনর্গঠনের বিষয়েও কমিশনকে জানিয়েছি। ২৩ জুনই আমরা নির্বাচন কমিশনকে এই তথ্য দিয়েছিলাম। সেই সময়ই কমিশনের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম। আজ সেই সময় পাওয়া গিয়েছে।'
বর্তমানে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। মোট ৪৪০ কোটি টাকা রয়েছে তাতে।