নিউটাউনের ক্যানসার হাসপাতালের দিকে নতুন বাস রুটের অনুমোদন
দৈনিক স্টেটসম্যান | ০২ জুলাই ২০২৬
নিউটাউনের টাটা মেমোরিয়াল সেন্টার বা টাটা ক্যানসার হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রে বাস পাওয়া বড় সমস্যা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে ভুক্তভোগীরা অনেকেই বিষয়টি উত্থাপন করেছিলেন। আমজনতার কথাকে গুরুত্ব দিয়ে বড় পদক্ষেপ নিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।
নিউটাউনের টাটা ক্যানসার হাসপাতালে যাতায়াত সহজ করতে চারটি নতুন বাস রুটে মোট ১৮টি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। একই সঙ্গে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বিস্তীর্ণ এলাকার নিত্যযাত্রীদের জন্য আরও দুটি গুরুত্বপূর্ণ রুটে নতুন বাস পরিষেবারও অনুমোদনও দেওয়া হয়েছে। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষের সুবিধার্থে এই বাসগুলি নির্দিষ্ট সময় ও অনুমোদিত রুট মেনেই চলাচল করবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ বেশ কয়েকজন নাগরিক টাটা ক্যানসার হাসপাতালে যাতায়াতের দুর্ভোগের বিষয়টি জানান। চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সমস্যার কথা শুনেই মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপরই পরিবহন দপ্তর বিষয়টি নিয়ে উদ্যোগী হয়।
পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, টাটা ক্যানসার হাসপাতালে পৌঁছনোর জন্য নতুন রুট চালুর পাশাপাশি বর্তমানে চালু থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ রুটেও অতিরিক্ত বাস নামানো হবে। বর্তমানে হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষায় ১৮টি রুটে প্রায় ১০০টি বাস চলাচল করছে। নতুন পরিষেবা চালু হলে সেই ব্যবস্থার পরিধি আরও বাড়বে এবং রোগীদের যাতায়াত অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা প্রশাসনের।
পরিবহন মন্ত্রী দপ্তরের আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, নির্দিষ্ট সময়সূচি ও অনুমোদিত রুট মেনেই বাস পরিষেবা পরিচালনা করতে হবে। কোনও রকম গাফিলতি যাতে না হয়, সেদিকেও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার যাত্রীদের জন্য চালু হচ্ছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত নতুন রুট এসি-৫৭। নদিয়ার বড় জাগুলিয়া থেকে শুরু করে কল্যাণী এইমস, ওয়্যারলেস মোড় ও বিমানবন্দর ১ নম্বর গেট হয়ে এই বাস সল্টলেকের সেক্টর-৫ কলেজ মোড় পর্যন্ত যাবে। সেক্টর-৫ এর তথ্যপ্রযুক্তি কর্মী ও অফিসযাত্রীদের কাছে এই রুট বিশেষ সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া থেকে চালু হচ্ছে এস-৭। কাঁচড়াপাড়ার গান্ধী মোড় থেকে এই বাস হালিশহর, কাঁকিনাড়া, শ্যামনগর ও ইছাপুর ঘোষপাড়া রোড হয়ে বারাকপুর সদর বাজার পর্যন্ত যাবে। শিল্পাঞ্চল সংলগ্ন এই ব্যস্ত রুটে নতুন পরিষেবা চালু হওয়ায় প্রতিদিনের যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে প্রশাসনের আশা। খুব শীঘ্রই নতুন বাসগুলি আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলেই মনে করছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্বাস্থ্য ও পরিবহন মহলের একাংশ। কারণ টাটা ক্যানসার হাসপাতাল শুধু কলকাতা বা সংলগ্ন এলাকার নয়, গোটা রাজ্যের বহু মানুষের চিকিৎসার জন্য আসেন। তাই গুরুত্বপূর্ণ এই হাসপাতালে সহজ ও নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।