• কাটমানির অভিযোগে পাথরপ্রতিমায় তৃণমূল নেতাকে জুতোপেটা
    দৈনিক স্টেটসম্যান | ০২ জুলাই ২০২৬
  • আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফের জনরোষের মুখে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বিক্ষুব্ধ গ্রামবাসীদের হাতে জুতোপেটা ও গণধোলাইয়ের শিকার হলেন একাধিক তৃণমূল নেতা। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বারাসতে মহিলাদের কটূক্তির অভিযোগে এক তৃণমূল কর্মীকে কান ধরে ওঠবস করানো এবং পা ধরে ক্ষমা চাওয়ানোর ভিডিও প্রকাশ্যে এসেছে। দু’টি ঘটনাই রাজ্যের বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

    বৃহস্পতিবার সকালে পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল। কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা দিয়েও কোনও সুবিধা মেলেনি। এমনকী, টাকাও ফেরত দেওয়া হয়নি। টাকা চাইতে গেলে হুমকি দেন তৃণমূল নেতারা। তবে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই বদলে যায় পরিস্থিতি। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ। শেষ পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতা অনন্ত হালদারকে একটি দোকান থেকে টেনে বের করে এনে জুতোপেটা করে উত্তজিত ও প্রতারিত জনতা। তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত দাস, উপপ্রধান এবং পঞ্চায়েতের অন্য সদস্যদের ঘিরেও চলে বিক্ষোভ। এমনকী, তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের উদ্ধার করে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

    অন্যদিকে, বারাসতের নবপল্লি এলাকায় মহিলাদের উদ্দেশে কটূক্তি ও হুমকির অভিযোগে এক তৃণমূল কর্মীকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করতে এবং এক মহিলার পা ধরে ক্ষমা চাইতে দেখা যায়। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর দুর্নীতি, তোলাবাজি ও কাটমানির অভিযোগে একের পর এক জায়গায় তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে জনরোষের ছবি সামনে আসছে। পাথরপ্রতিমার ঘটনাও সেই ক্ষোভেরই প্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত ৪ মে ভোটের ফল প্রকাশের পরে পালাবদল হতেই কার্যত রাজ্য থেকে অস্তিত্ব মুছে যেতে বসেছে তৃণমূলের। পরিস্থিতি এমনই যে মনে করা হচ্ছে কার্যত মহারাষ্ট্র মডেল তৈরি হতে চলেছে রাজ্যতে। আর তা রীাতিমত উদ্বেগ বাড়িয়েছে রাজনৈতিক বিশেজ্ঞদের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)