• মিউটেশনের নামে ‘তোলাবাজি’, হাই কোর্টের নিশানায় বিধাননগর পুরনিগম
    প্রতিদিন | ০২ জুলাই ২০২৬
  • বাড়ির মিউটেশনের নামে বাড়তি টাকা তোলার অভিযোগে বিধাননগর পুরনিগমের বিরুদ্ধে মামলা। আগামী মঙ্গলবার যাবতীয় এই টাকা তোলা সংক্রান্ত নথি নিয়ে হাজির হওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের। একসঙ্গে, এই ইস্যুতে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে বুধবার পুর প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলল বিচারপতি রাজা বসু চৌধুরী। তাঁর প্রশ্ন, আগের সরকারও লিখিত ভাবে জানিয়েছিল, সরকার মিউটেশনের সঙ্গে এমন লেভি তোলার কোনও অনুমোদন দেয়নি। নতুন সরকারও সেই একই কথা রিপোর্ট দিয়ে জানিয়েছে। তাহলে এত বছর ধরে যে টাকা তোলা হয়েছে তার হিসেব কোথায়?

    মামলাকারীর আইনজীবীরা নথি দিয়ে আদালতে জানান, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির নজির। ২০১৭-১৮ অর্থ বর্ষে তৎকালীন মেয়র সব্যসাচী দত্তের আমলে বোর্ড মিটিংয়ে এমন বাড়তি টাকা তোলার সিদ্ধান্ত নেওয়া হয় পুরসভার ভাঁড়ারে অনটনের যুক্তিতে। বিচারপতির প্রশ্ন, তাহলে এতোবছর ধরে কত টাকা তোলা হয়েছে তার হিসেব পাওয়া উচিত।

    প্রসঙ্গত, কলকাতা পুরসভা ছাড়া রাজ্যের প্রায় সব পুরসভা মিউটেশনের নামে নাগরিকদের থেকে বাড়ি, ফ্ল্যাট বা যে কোনো নির্মাণের জন্যেই মোটা টাকা কার্যত ‘তোলা’ আদায় করে বলে অভিযোগ। মামলাকারীদের আইনজীবী অরিন্দম দাস দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে বলেন, সল্টলেক সেক্টর ফাইভের যে বহুতলের মিউটেশনের নামে বাড়তি টাকা তোলার অভিযোগে মামলা সেখানে ভ্যালুয়েশন অনুযায়ী যে ফ্ল্যাটের ৩০০ টাকা দেওয়ার কথা তার থেকে প্রায় দু” লক্ষ টাকা চাওয়া হচ্ছে মিউটেশন করে দেওয়ার জন্য। সেই পদক্ষেপ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাই কোর্টে।
  • Link to this news (প্রতিদিন)