• ৩-৬ জুলাই বন্ধ নয় চিংড়িঘাটা ফ্লাইওভার, স্বাভাবিক থাকবে যান চলাচল? কী জানাল কলকাতা পুলিশ
    প্রতিদিন | ০২ জুলাই ২০২৬
  • আগামী ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল কলকাতা পুলিশ। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। প্রশাসনিক কারণে এই চারদিন চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ থাকছে না বলেই জানিয়ে দিল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই চারদিন স্বাভাবিক থাকবে যান চলাচল।

    গত সরকারের আমলে প্রায় দেড় বছর আটকে ছিল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। তবে ডবল ইঞ্জিন সরকার আসতেই সেই জটিলতা কেটেছে। মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে দু’দফায় মেট্রো লাইন জোড়ার কাজ সম্পন্ন হয়েছে। বেশ কয়েকটি দফায় ফ্লাইওভার বন্ধ করে মেট্রোর কাজ চলছে। সেইমতোই জুন মাসেই কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, প্রথম দফায় ২৬ জুন রাত ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার। ইতিমধ্যেই সেই কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় ৩ জুলাই, রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছিল। তবে শেষ মুহুর্তে সিদ্ধান্ত বদলের কথা জানাল কলকাতা পুলিশ। চারদিন চিংড়িঘাটা ফ্লাইওভারে যান চলাচল স্বাভাবিক থাকবে বলে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, চিংড়িঘাটা ক্রসিংয়ের পূর্বদিকে কয়েকটি পিলারের মধ্যে কংক্রিটের ডেক বসানোর সময় তৈরি করা হবে বিকল্প একটি রাস্তা। সল্টলেক বাইপাসের ধারের খালের পাশ দিয়ে ৬০ মিটার রাস্তা তৈরি হতে পারে। কলকাতা পুলিশ ও আরভিএনএল ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করতে পরিদর্শন করেছে। চিংড়িঘাটা ক্রসিংয়ে গার্ডার বসানো শেষ হওয়ায় লঞ্চার মেশিন ৩২৯ নম্বর পিলার পর্যন্ত যাবে। সেখানে থেকে নিকো পার্কের দিকের গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। সবকিছু মসৃণ থাকলে. চলতি বছরের শেষেই বহু প্রতিক্ষিত চিংড়িঘাটা মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।
  • Link to this news (প্রতিদিন)