প্রথমে নিখোঁজ, পরে পুকুরে দেহ! ২ মাসের শিশুর মৃত্যুর নেপথ্যে কে?
News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার বোলদেপোতা এলাকায় দুই মাসের এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিশুটির ১৭ বছর বয়সি মাকে। গত রবিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় শিশুটির মা দাবি করেছিলেন, তিনি বাথরুমে যাওয়ার আগে বারান্দায় খাটের ওপর মেয়ে ফিজা মণ্ডলকে শুইয়ে রেখে যান। বারান্দার গেট বন্ধ থাকলেও তাতে তালা লাগানো ছিল না। কিছুক্ষণ পরে ফিরে এসে তিনি দেখেন শিশুটি খাটে নেই। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের অংশ হিসেবে গত দু’দিন ধরে শিশুটির মা, পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের একাধিক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সেই তদন্তের ভিত্তিতেই মঙ্গলবার রাতে শিশুটির মাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁকে জুভেনাইল কোর্টে তোলা হবে।
পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে খুনের উদ্দেশ্য (মোটিভ) প্রকাশ করেনি। তবে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরিবারের আর্থিক সমস্যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এই দাবির বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এলাকাবাসী এই ঘটনায় শোকস্তব্ধ ও হতবাক।