• একদিনে হয়নি, তবে একদিন ঠিকই হয়েছে! যুবকদের উদ্যোগে ফাঁকা মাঠ আজ ম্যানগ্রোভের জঙ্গল
    News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
  • রায়মঙ্গলের পাড়ে যুবকদের সবুজ বিপ্লব, ম্যানগ্রোভহীন এলাকা আজ ঘন জঙ্গলে পরিণত। সুন্দরবনের পরিবেশ রক্ষা ও নদীবাঁধ সুরক্ষায় এক অনন্য নজির গড়েছেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালির আতাপুর-মনিপুর এলাকার একদল তরুণ। একসময় রায়মঙ্গল নদীর খাড়ি সংলগ্ন মিঠাখালির বিস্তীর্ণ বাঁধ এলাকা ছিল প্রায় ম্যানগ্রোভহীন। আজ সেই এলাকা এখন কয়েক লক্ষ ম্যানগ্রোভ গাছের সবুজ ছায়ায় পরিণত হয়েছে এক ছোট্ট জঙ্গলে।

    স্থানীয় যুবকরা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে আসছে। পরিকল্পিতভাবে নদীবাঁধ ও খাড়ি এলাকার ফাঁকা জমিতে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ রোপণ করা হয়, যা বর্তমানে বড় হয়ে প্রাকৃতিক সবুজ বেষ্টনী তৈরি করেছে। পরিবেশবিদদের মতে, সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ শুধু জীববৈচিত্র্য রক্ষা করে না, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের বিরুদ্ধেও প্রাকৃতিক ঢাল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    ফলে এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপত্তার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। সংগঠনের উদ্যোক্তা স্বপন সুঁই জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবনের সবুজ পরিবেশ রক্ষা করা তাঁদের মূল লক্ষ্য। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরেই তারা ম্যানগ্রোভ রোপণ ও সংরক্ষণের কাজ করে চলেছেন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগের প্রশংসা করেছেন।

    তাঁদের দাবি, যে এলাকাটি একসময় ছিল সম্পূর্ণ অনাবাদী ও ম্যানগ্রোভহীন, আজ সেখানে ঘন সবুজের সমারোহ চোখে পড়ে। এতে যেমন পরিবেশের ভারসাম্য ফিরছে, তেমনই নদীবাঁধও আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হচ্ছে। সুন্দরবনের বুকে কয়েকজন যুবকের এই নিরলস প্রচেষ্টা আজ এক নীরব সবুজ বিপ্লবের প্রতীক। তাদের এই উদ্যোগ শুধু একটি বন গড়ে তোলার গল্প নয়, বরং পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সুন্দরবন গড়ার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।
  • Link to this news (News18 বাংলা)