স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়েছিল! বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান, ২৪ ঘণ্টা পর মিলল ছাত্রের দেহ
News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ফেরা হল না আর। স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক স্কুল ছাত্রের। মালদহের বৈষ্ণবনগরে নিউ ফারাক্কা ব্রিজ সংলগ্ন গঙ্গা নদীর ঘাটে জলে তলিয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রের। প্রায় ২৪ ঘণ্টার তল্লাশির পর বৃহস্পতিবার গঙ্গা নদী থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে মালদহের বৈষ্ণবনগর থানার নিউ ফারাক্কা ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সাহিন আকতার (১৪)। তার বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুরের মালেক মোড় এলাকায়। সে স্থানীয় একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সাহিন বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। কিন্তু স্কুলে না গিয়ে তিন বন্ধুকে নিয়ে নিউ ফারাক্কা ব্রিজ সংলগ্ন গঙ্গাঘাটে স্নান করতে যায়। স্নান করার সময় আচমকাই সাহিনসহ চার বন্ধু নদীর গভীর জলে তলিয়ে যেতে শুরু করে। স্থানীয় জেলে ও মাঝিরা দ্রুত উদ্ধারকাজে নেমে তিন বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হলেও সাহিন স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্পিড বোট নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে। টানা ২৪ ঘণ্টার অনুসন্ধানের পর বৃহস্পতিবার গঙ্গা নদী থেকে সাহিনের দেহ উদ্ধার করা হয়। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। মৃত ছাত্রের মা রোজিনা বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্কুলে যাবে বলে বাড়িতে সাহিনকে তার তিন বন্ধু ডাকতে এসেছিল। তাদের সঙ্গেই বেরিয়ে যায় সে। দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে সে তলিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর আজ তার দেহ উদ্ধার হয়েছে। এখন কী করব, কিছুই বুঝে উঠতে পারছি না।”
এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছে সাহিনের পরিবার। এলাকাজুড়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে অভিভাবকদের মধ্যে সন্তানদের নিরাপত্তা ও স্কুল ফাঁকি দেওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।