• দুর্ঘটনা রুখতে দাবাং মোডে পুলিশ, ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন শুরু হাওড়ায়
    News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
  • ২৪ ঘন্টার মধ্যেই অ্যাকশন শুরু, দাবাং মোডে জগৎবল্লভপুর থানার পুলিশ! দুর্ঘটনা কমাতে পুলিশের তৎপরতা দেখে খুশি স্থানীয় মানুষ। গত মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষ, স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার অন্যতম কারণ রাস্তার দুই পাশে অবৈধ ভাবে কাঠ-পাথর ইট বালি রাখা হচ্ছে। আর সেই অভিযোগ মতই পুলিশের তৎপরতা। জেলায় শহর থেকে গ্রাম সর্বত্রই ঝাঁ চকচকে মসৃণ রাস্তা। সহজ যোগাযোগ ব্যবস্থা মানুষের জীবন জীবিকা অনেক সহজ এবং উন্নত করে তোলে।

    সেই দিক গুরুত্ব রেখে উন্নত সড়ক ব্যবস্থা গড়ে উঠেছে। তবে সড়কে গতি বাধাপ্রাপ্ত হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। কারণ রাস্তা দখল করে থাকছে বিভিন্ন সামগ্রী। তাতেই সড়ক সংকীর্ণ হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এবার সড়কের দুর্ঘটনা কমাতে পদক্ষেপ জগৎবল্লভপুর থানার পুলিশের। জগৎবল্লভপুর থানা আধিকারিক পুলিশ ফোর্স এবং মাইক নিয়ে পথে নেমেছেন দুর্ঘটনা কমাতে। হাওড়া জেলার গুরুত্বপূর্ণ সড়ক-হাওড়া আমতা রোড। যেটি গ্রামীন হাওড়া থেকে হাওড়া শহরকে যুক্ত করেছে।

    এই সড়কের বেশ কিছুটা অংশ জগৎবল্লভপুর ছুঁয়ে যায়। সেখানেই দেখা যায় ইমারতী দ্রব্য থেকে নানা সামগ্রী সড়কের দুইপাশে সারিবদ্ধ ভাবে রাখা হচ্ছে। গত কয়েক বছরে এই প্রবণতা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনাও। হাওড়া-আমতা রোডের পাশাপাশি জগৎবল্লভপুরের মুন্সিরহাট- চন্দ্রপুর রোডও একই সমস্যায় জর্জরিত। সড়কের দুই পাশে কাঠ, ইট, পাথর, বালি সহ নানা সামগ্রিক রাখা হয়েছে। যে কারণে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় মানুষের। গত দুদিন আগে দুর্ঘটনার পর স্থানীয় মানুষ পথ আটকে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি ছিল, রাস্তার ওপর অবৈধভাবে সামগ্রী রাখা বন্ধ করতে হবে।

    এই ঘটনার পরই দেখা গিয়েছে পুলিশের তৎপরতা। জগৎবল্লভপুর থানার পুলিশের পক্ষ থেকে রাস্তার দু’পাশে অবৈধভাবে রাখা সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসায়ীরা সতর্ক না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গিয়েছে। পুলিশের এমন পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি সকলেই। জনপ্রতিনিধি অশোক সিংহ জানান, দুর্ঘটনার আশঙ্কা কমাতে জগৎবল্লভপুর থানার পুলিশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তাতে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)