হরিয়ানায় একটি ছেলের সঙ্গে থাকছেন অমৃতা, ছবি বানিয়ে প্রতারণার ফাঁদ, বাবা অর্ধেন্দু সিংহ যা করলেন..
News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
বাড়ির একমাত্র মেয়ে নিখোঁজ হয়েছে আজ প্রায় তিন মাসেরও বেশি সময় অতিক্রম হতে চলল। চলতি বছর ১৩ মার্চ বীরভূম জেলার সদর শহর সিউড়ির ডাঙ্গালপাড়ার বাসিন্দা অমৃতা সিংহ হঠাৎ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। বাড়ির সদর দরজার গেট বাইরে থেকে লাগিয়ে দিয়ে নিখোঁজ হয় অমৃতা। এরপরে বাবা মেয়ের খোঁজে বুকে প্ল্যাকার্ড লাগিয়ে বীরভূম জেলার এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়েছে। তবে এখনও কোনও সন্ধান মেলেনি। দু-এক জায়গায় মেয়ের খোঁজ পেলেও সবটাই ছিল মিথ্যা আশ্বাস।
এই পরিস্থিতিতে প্রতারণার শিকার হতে হচ্ছিল অমৃতার বাবা অর্ধেন্দু সিংহকে! আর এই সাইবার প্রতারণার শিকার হতে যাওয়ার ঠিক একদিন আগে সিউড়ির শহরের এক ব্যক্তি অমৃতা সিংহর বাবাকে কচুজোড় এলাকার এক মৌলবীর কাছে নিয়ে গিয়েছিলেন। পাশাপাশি, অর্ধেন্দু সিংহের স্ত্রী সুপ্রিয়া সিংহকে যেতে বলা হয়েছিল মুর্শিদাবাদের একটি আশ্রমে। অর্ধেন্দু বাবুর অভিযোগ, মঙ্গলবার সকালে একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোন ধরার পরে উল্টোদিকের ব্যক্তি জানান, তাঁর নাম রাজ সরকার এবং তিনি শিলিগুড়ির বাসিন্দা। তিনি জানেন, অমৃতা কোথায় রয়েছে। আর এই কথা শোনার পরে কিছুটা থমকে যান অর্ধেন্দু সিংহ।
এরপরেই রাজ নামের সেই ব্যক্তি অর্ধেন্দু সিংহকে জানান, অমৃতা সিংহ হরিয়ানার যমুনানগরে একটি ছেলের সঙ্গে ঘরভাড়া নিয়ে থাকছেন। তাঁরা যে বাড়িতে রয়েছেন, তাঁর পাশেই সেই ব্যক্তির এক বন্ধু থাকেন। সেই বন্ধু অমৃতার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছে। সেই ছবি দেখে অমৃতাকে চিনতে পারে রাজের বন্ধু। এরপর সেই বন্ধুই রাজকে অমৃতার একটি ছবি পাঠিয়েছেন।
এরপরই রাজ নামে ওই ব্যক্তি অর্ধেন্দু সিংহের ফোনে অমৃতার একটি ছবি পাঠায়। ওই ছবিতে দেখা যায়, পুকুরের পাশে একটি পার্কের রেলিং ঘেষে এক যুবকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অমৃতা! ছবি দেখে রাজ নামে ওই ব্যক্তির কাছে তাঁর বন্ধুর নম্বর চেয়েছিলেন অসহায় বাবা। তবে রাজ কিছুতেই তাঁর বন্ধুর নম্বর দিতে রাজি হয়নি। নম্বর দিতে না চাওয়াই অর্ধেন্দু সিংহ বলেছিলেন তাঁর বন্ধু যেন হরিয়ানার সংশ্লিষ্ট থানায় গিয়ে তাকে একবার ফোন করেন অথবা ভিডিও কলের মাধ্যমে অমৃতাকে একবার দেখায়। এরপরই রাজ বলেন, তাঁকে যদি ১০০০ টাকা পাঠানো হয় তাহলেই সে তাঁর বন্ধুকে বলবে। এই কথা শুনে অর্ধেন্দু সিংহ বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হতে চলেছেন। ফোন রেখে অর্ধেন্দু সিংহ পুলিশের দ্বারস্থ হন। অর্ধেন্দু সিংহ পুলিশকে সেই ছবি দেখায়। পুলিশই ওই ছবি যাচাই করে জানিয়েছে, সেটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।